• কলকাতা পৌঁছনো এখন জলভাত! নন্দীগ্রামবাসীদের যাতায়াত সহজ করতে জোড়া সরকারি বাস উপহার মুখ্যমন্ত্রীর
    News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
  • : নন্দীগ্রাম থেকে কলকাতা বাস পরিষেবা চালু হল। রাজ্য পরিবহন নিগমের পক্ষ থেকে নন্দীগ্রাম কলকাতা রুটে বাস পরিষেবা পুনরায় চালু করা হল। ২৮ জুলাই মঙ্গলবার এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল। নন্দীগ্রামের মানুষ যাতে সরকারি বাস পরিষেবা উপভোগ করতে পারেন তার জন্য তিনি নন্দীগ্রামের জন্য দু’টি সরকারি বাস উপহার দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে দুটি বাসের শুভ সূচনা ঘটে। প্রতিদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে একটি বাস সকাল ৬:৩০ টায় এবং অপরটি সকাল ৮:২০ টায় ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। পুনরায় কলকাতা থেকে দুটি বাস আবার নন্দীগ্রামে ফিরে আসবে।

    ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সেই সময় রাজ্যের পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন পরিবহন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নন্দীগ্রামের মানুষের জন্য নন্দীগ্রাম-কলকাতা সরকারি বাস পরিষেবা চালু করেছিলেন। কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ২০২০ সালে দল পরিবর্তন করার পর থেকে দুটি সরকারি বাস তুলে নেওয়া হয়। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে, কলকাতার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও নন্দীগ্রামের মানুষকে তিনি ভুলেননি। নন্দীগ্রামের মানুষের দাবীকে মাথায় রেখে নন্দীগ্রাম থেকে কলকাতা রুটে দুটি বাস পরিষেবা শুরু হল মঙ্গলবার থেকে।

    নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এদিন এই বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দফতরের মন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, নন্দীগ্রামের আই সি অজয় মিশ্র, মেঘনাদ পাল-সহ পরিবহন দফতরের আধিকারিকরা। রাজ্যের মন্ত্রী অরূপ কুমার দাস জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা নন্দীগ্রাম থেকে দু’টি সরকারি বাসের উদ্বোধন করলাম। আগামীদিনে বিকেলের দিকে আরও একটি বাস পরিষেবা বাড়ানো হবে।” স্থানীয় বাসিন্দা মেঘনাদ পাল জানান, “শুভেন্দু বাবুর দুটি চোখ, একটি চোখ দিয়ে নন্দীগ্রামকে দেখেন অপরটি দিয়ে গোটা রাজ্যকে দেখেন। নন্দীগ্রামের জন্য তিনি আগেও করেছেন এখনও করছেন আগামীতেও করবেন এটা আমাদের আশা”।

    নন্দীগ্রাম থেকে দুটি সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুব খুশি মহিলারা। কারণ রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে। এদিন নতুন সরকারি বাসে চড়ে বেজায় খুশি এলাকার মহিলারা। প্রতিদিন বাস দুটি নন্দীগ্রাম থেকে কলকাতা আবার কলকাতা থেকে নন্দীগ্রাম রুটে যাতায়াত করবে। এর ফলে নন্দীগ্রামের মানুষের কলকাতা যাতায়াত আরও সহজ হল।
  • Link to this news (News18 বাংলা)