• দান করা রক্তও হচ্ছে বিক্রি! তদন্তে বড় চক্রের হদিস, প্রকাশ্যে এল ভয়ঙ্কর তথ্য
    News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
  • রাজ্যের একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক থেকে সংগৃহীত রক্ত এবং রক্তের উপাদান ভিন্ন রাজ্যে পাচার ও বেআইনি বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। রক্ত বিক্রির এই আন্তর্জাতিক আন্তঃরাজ্য চক্রের পর্দাফাঁস করতে একযোগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অভিযান চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, হাওড়া সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বেসরকারি ব্লাড ব্যাংকে তদন্তকারী দল।

    সূত্র মারফত জানা গেছে, বিভিন্ন সময়ে মেলা বা সামাজিক উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হত, তা হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা করার পরিবর্তে একশ্রেণীর অসাধু চক্র তা চড়া দামে বাইরের রাজ্যে বিক্রি করে দিত। নদিয়ার কৃষ্ণনগর পালপাড়া মোড়ের একটি বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্য দফতরের কর্তারা সরাসরি অভিযান চালিয়ে নথিপত্র ক্ষতিয়ে দেখেন।

    ঘটনার তদন্তে নেমে স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দুপুর ১২:৩৫ মিনিট নাগাদ পৌঁছায়। তারা সেখানে রক্তের কেনাবেচা, রক্ত সরবরাহ এবং অন্যান্য নথিপত্রের বৈধতা নিয়ে দিনভর পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালান। ৩:৫৫ মিনিট নাগাদ বেড়িয়ে গেলেন। কোনও প্রতিক্রিয়া দেননি।

    এই চক্রের সঙ্গে যুক্ত বহু অভিযুক্তকে আগে গ্রেফতার করা হলেও, তারা বর্তমানে জামিনে মুক্ত রয়েছে বলে উঠে এসেছে। তবে বিভাগীয় তদন্তের মাধ্যমে পুরো বেআইনি নেটওয়ার্কটি গুটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, রক্তের মতো জরুরি পরিষেবাকে ব্যবসা বানিয়ে কোটি কোটি টাকা আয়ের এই কালো কারবার বরদাস্ত করা হবে না। এই ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (News18 বাংলা)