গো মাতাকে ‘রাষ্ট্র মাতা’ ঘোষণার দাবিতে বাঁকুড়া জেলাশাসকের কাছে সাধারণ মানুষের সংগৃহীত গণস্বাক্ষর জমা দিয়ে ডেপুটেশন দিল গো-সম্মান আহ্বান সমিতি। সোমবার বাঁকুড়া হিন্দু হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি জেলাশাসকের দফতরে পৌঁছয়। সমিতির দাবি, প্রায় দেড় থেকে দু’হাজার ভক্ত ও সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে প্রতিনিধিদল জেলাশাসকের কাছে গণস্বাক্ষর-সম্বলিত স্মারকলিপি জমা দেয়।
সমিতির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে গো-সম্পদ সংরক্ষণ, গরুর সুরক্ষা নিশ্চিত করা এবং গো মাতাকে ‘রাষ্ট্র মাতা’ হিসেবে ঘোষণার দাবিতে তাঁরা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে আসছেন। সেই কর্মসূচিরই অংশ হিসেবে জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। তাঁদের দাবি, বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে সমর্থন জানিয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি-সম্বলিত প্ল্যাকার্ড ও পতাকা। ভক্তদের উপস্থিতিতে শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে শোভাযাত্রাটি জেলাশাসকের দফতরে পৌঁছায়। সেখানে সমিতির প্রতিনিধিরা প্রশাসনের হাতে গণস্বাক্ষর ও দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
গো-সম্মান আহ্বান সমিতির সদস্যদের দাবি, গো-সম্পদ দেশের কৃষি, গ্রামীণ অর্থনীতি এবং পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই গো-সম্পদের সুরক্ষা ও সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গো মাতাকে ‘রাষ্ট্র মাতা’ হিসেবে ঘোষণার বিষয়টি কেন্দ্র সরকারের বিবেচনার জন্য পাঠানোর আবেদন জানানো হয়েছে। ভবিষ্যতেও এই দাবির সমর্থনে গণসচেতনতা বৃদ্ধি এবং জনসংযোগমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।