খতম হবে দালালরাজ! কৃষকদের আয় বাড়াতে মেগা ধামাকা কৃষিমন্ত্রীর, এইভাবে কৃষিতে বিপ্লব আনার ঘোষণা
News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
: বীরভূম মূলত কৃষি প্রধান জেলা। বীরভূমের এই লাল মাটি বিভিন্ন ধরনের ধান চাষ থেকে শুরু করে শস্য চাষের জন্য উপযুক্ত। আর সেই কারণে কৃষকদের আয় বাড়াতে এবার জোর দেওয়া হচ্ছে বিকল্প কৃষিকাজে। কৃষকদের ফসলের সঠিক দাম দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে কী পরিকল্পনা রয়েছে সরকারের? এই বিষয়ে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, “আমাদের সরকার সবে মাত্র এসেছে, তাই একটু সময় লাগবে তবে কৃষকদের বাড়তি আয়ের দিকে নজর দিয়ে আমরা ধান, বাদাম, ভুট্টা, ডাল, সুগন্ধি চাল এমন ধরনের বিকল্প চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা নজর দিচ্ছি যাতে দালাল চক্র বন্ধ হয়।”
তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে থেকে একাধিক বিমা সংক্রান্ত ভুয়ো নাম পাওয়া গিয়েছে, সেই সমস্ত নাম বাদ দিয়ে স্বচ্ছতা আনা হচ্ছে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষি রয়েছেন তারা যেন ক্ষতিপূরণের টাকা পায় সেইদিকে আমরা নজর দিচ্ছি। চাষের মান উন্নয়ন করতে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ড্রোনের মাধ্যমে জমিতে সার দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
অনেক ক্ষেত্রে জলের সমস্যা দেখা যায়। সেই কারণে সেচের উন্নতির জন্য সৌরশক্তি চালিত সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে। পাশাপাশি জল সংরক্ষণের উদ্দেশ্যে ভিবি জি-রামজি প্রকল্পে পুকুর খনন, জলাশয় সংস্কার করে গভীরতা বাড়ানোর কাজ চলছে। সারের কালোবাজারি বন্ধ করতে নজরদারি চালানো হচ্ছে। ধরা পড়লে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেওয়া হচ্ছে।
তবে বর্তমানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যুবসমাজ আয়ের জন্য ভিনরাজ্যে চলে যাচ্ছে। তাদের ফিরিয়ে আনার ও চাষিদের আয় বাড়ানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। বাজেটের বরাদ্দ টাকায় চাষের জল, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, ক্ষুদ্র সেচ ও চেকড্যাম তৈরি সহ সার্বিক পরিকাঠামো উন্নয়নে এই টাকা খরচ হবে বলে খবর। এছাড়াও চাষিরা যাতে সুগন্ধি চাল চাষ করে বেশি উপার্জন করতে পারে সেই কথা মাথায় রেখে আর্থিক সহায়তা প্রদান করা হবে।