দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দপ্তরের অভিযান, খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র
দৈনিক স্টেটসম্যান | ২৯ জুলাই ২০২৬
রাজ্যজুড়ে ব্লাড ব্যাঙ্কগুলির কার্যকলাপ ও রক্ত সংরক্ষণ সংক্রান্ত নথিপত্র যাচাই করতে জোরদার অভিযান শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের অন্য জায়গার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পৌঁছয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ তদন্তকারী দল। সকাল থেকেই ব্লাড ব্যাঙ্কের বিভিন্ন নথি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স, রক্ত সংগ্রহ ও বিতরণের রেকর্ড, রক্ত সংরক্ষণের পদ্ধতি, স্টক রেজিস্টার এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী দল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে।
যদিও এই অভিযানের বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অবৈধভাবে রক্ত বিক্রি এবং রক্তের লেনদেনে অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য স্বাস্থ্য দপ্তর ব্যাপক তদন্ত শুরু করেছে।
তদন্তের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে একযোগে নথি পরীক্ষা ও পরিদর্শন চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার অন্ডালের এই বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই অভিযান চালানো হয়। তদন্তকারীরা ব্লাড ব্যাঙ্কের সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গেও কথা বলছেন। তদন্ত শেষ হওয়ার পর স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।