• ‘বিশ্ব আদিবাসী দিবসে’ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি! প্রস্তুতি বৈঠকে প্রশাসন
    প্রতিদিন | ২৯ জুলাই ২০২৬
  • ‘বিশ্ব আদিবাসী দিবসে’র অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ৯ আগস্ট তিনি ঝাড়গ্রাম সফরে যাবেন। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথম ঝাড়গ্রাম সফর শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচিকে সামনে রেখে এখন থেকেই তৎপর জেলা প্রশাসন। সোমবার একপ্রস্ত ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে প্রস্তুতি বৈঠকও হয়। বৈঠকে ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো, কৃষি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা-সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি আদিবাসী সমাজের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

    প্রশাসন সূত্রে খবর, আগামী ৯ আগস্ট হেলিকপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত ‘বিশ্ব আদিবাসী দিবসে’র অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি আদিবাসী সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে।

    বিনপুরের বিধায়ক প্রণত টুডু জানান, ‘বিশ্ব আদিবাসী দিবসে’র অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই মুখ্যমন্ত্রী ফিরে যাবেন। তিনি বলেন, “অনুষ্ঠানকে কেন্দ্র করে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে ১৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।” সেদিকে নজর রেখেই যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)