বালি থেকে রাজস্ব বিপুল বাড়ল রাজ্যের! তৃণমূল আমলে বছরে যা আদায় হতো এখন মাসেই আসছে তার ৪ গুণ
News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
নতুন সরকার আসার পর পূর্ব বর্ধমান জেলায় বালি খাদান থেকে রাজস্ব আদায়ে অবিশ্বাস্য সাফল্য। তৃণমূল জমানায় বছরে যা রাজস্ব আদায় হতো এখন মাসে আদায় হচ্ছে তার চারগুন। পূর্ব বর্ধমান জেলার বুক চিরে বয়ে গিয়েছে দামোদর। গলসি থেকে শুরু করে খন্ডঘোষ, বর্ধমান, রায়না, শক্তিগড়, জামালপুর থানা এলাকায় রয়েছে দামোদরের বালিখাদ। এছাড়া রয়েছে অজয় নদের বালি। এখন দামোদরের জল বেড়েছে। খুব কম সংখ্যক বালি খাদান চলছে। তাতেও যে রাজস্ব আদায় হয়েছে সেটা অবিশ্বাস্য।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল জমানায় বালি খাদানের চালান থেকে বছরে রাজস্ব আদায় হতো দু কোটি টাকা। সেখানে এখন বেশিরভাগ ঘাট বন্ধ থাকা সত্ত্বেও রাজস্ব আদায় হচ্ছে মাসে প্রায় আট কোটি টাকা। আরও চমকপ্রদ তথ্য হলো,তৃণমূল জমানায় স্টক বালি থেকে বছরে দু কোটি টাকার কাছাকাছি রাজস্ব আদায় হতো। সেখানে গত দুমাসে আদায় হয়েছে সতেরো কোটি টাকা। বিজেপির অভিযোগ, চুরি বা ডাকাতি বললেও যে কম বলা হয় এই তথ্যই তার প্রমাণ।
প্রসঙ্গত, পাথর থেকেও বিপুল রাজস্ব আদায় করছে রাজ্য। শপথ নেওয়ার পরে প্রথম দিনেই ১ কোটি ২০ লক্ষ টাকা রাজস্ব আদায় হয় এবং দ্বিতীয় দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২ কোটি ৩০ লক্ষ টাকার কাছাকাছি। চলতি মাসের ১৬ তারিখ এক মাস পূর্ণ হয় রাজস্ব আদায়ের। এরপরে এইদিন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এক মাসে মোট পাথর থেকে ৭২ কোটি ৭৮ লক্ষ টাকা সরকারিভাবে রাজস্ব আদাই হয়।