ভুল চিকিৎসায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগে ‘সাসপেন্ড’ করা হয়েছে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালকে। ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার উত্তাল হয় সিউড়ি। বিচার চেয়ে পথে নেমে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এর পরেই ওই হাসপাতালের যাবতীয় কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে আশ্বাস দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।
ছাত্র মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যুতে উত্তাল হয় সিউড়ি। রবিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল মৈনাক দাস নামে বীরভূম জেলা স্কুলের দশম শ্রেণির ওই পড়ুয়ার। সেখানেই ভুল ইনজেকশনে মৃত্যু হয় তার বলে অভিযোগ পরিবারের। বেসরকারি ওই মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভাঙচুরও চালানো হয়। মৈনাক দাসের মৃত্যুতে বিচারের দাবি জানান বাসিন্দারা। মঙ্গলবার ওই ছাত্রের দেহ নিয়েই শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন স্কুলপড়ুয়া ও শহরের সাধারণ নাগরিকরা। সিউড়ির বেণীমাধব মোড়ে রাস্তা অবরুদ্ধ করে প্রায় ৩ ঘন্টা চলে বিক্ষোভ।
পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের
এর পরেই পদক্ষেপ করেছে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবারই ওই হাসপাতালে যাবতীয় কাজ ‘সাসপেন্ড’ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই ওই হাসপাতালের সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসার যাবতীয় তথ্য এবং চিকিৎসকের নোটও যথাযথ ভাবে সংরক্ষিত রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এর পরেই ওই বেসরকারি হাসপাতাল সিল করে দেয় পুলিশ।
বিক্ষোভে শামিল রাজ্যের কৃষিমন্ত্রী
এই পদক্ষেপ করার আগেই রাজনগরের একটি কর্মসূচি সেরে ফেরার সময় বাসিন্দাদের ওই বিক্ষোভে শামিল হন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-ও। ওই হাসপাতালকে ‘সাসপেন্ড’ করা হয়েছে বলে জানিয়েছেন তিনিও। এই নিয়ে তিনি কথা বলেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধেও পদক্ষেপ করার দাবি করেছেন বাসিন্দারা। এই নিয়ে তদন্তের পরেই উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এক নজরে
FAQ
কার মৃত্যুতে বিক্ষোভ?
সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বীরভূম জেলা স্কুলের দশম শ্রেণির পড়ুয়া মৈনাক দাস-এর। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে বিক্ষোভ দেখানো হয়।
কী অভিযোগ পরিবারের?
ভুল ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যু হয় ওই পড়ুয়ার।
কী দাবি বাসিন্দাদের?
মৈনাক দাসের মৃত্যুর বিচার চাইছেন বাসিন্দারা।
কী করেন বাসিন্দারা?
মৈনাক দাসে মৃতদেহ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিউড়ির বেণীমাধব মোড়ে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা।
কী পদক্ষেপ করেছে স্বাস্থ্য দপ্তর?
ওই বেসরকারি হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ওই হাসপাতাল।
কী আশ্বাস দিলেন কৃষিমন্ত্রী?
অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধেও উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।