• উত্তর নয়, দক্ষিণেই বেশি ওয়ার্ড বাড়বে কলকাতা পুরসভায়?
    এই সময় | ২৯ জুলাই ২০২৬
  • এই সময়: পুরোদমে চলছে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তুতি। পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতা এবং শহরতলিতেই ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই মূহূর্তে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪। এটাই ২০০ থেকে ২০৫–এ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

    উত্তর কলকাতার সীমানা শেষ হচ্ছে বরাহনগর এবং দমদমে। এই সব এলাকার কিছু অংশ যেমন অন্তর্ভুক্ত হতে পারে, তেমনই দক্ষিণ শহরতলির কিছু পঞ্চায়েত ও পৌর এলাকাও আসতে পারে কলকাতা পুরসভার আওতায়। পুরসভার আধিকারিকদের বক্তব্য, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলির তুলনায় উত্তর কলকাতার ওয়ার্ডগুলি আয়তনে ছোট। ফলে ওয়ার্ড সংখ্যা দক্ষিণে বেশি বাড়তে পারে, তেমন একটি সম্ভাবনা থাকছে। পুনর্বিন্যাস কমিটির লক্ষ্য, কলকাতার প্রতিটি ওয়ার্ডের ভোটারের সংখ্যা ১৬ থেকে ১৭ হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা। লোকসভা আসন হিসেবে কলকাতা এখন উত্তর ও দক্ষিণ — এই দু’ভাগে বিভক্ত। আবার কলকাতার পূর্বে ও দক্ষিণে কিছু ওয়ার্ড যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভার আওতায় রয়েছে। কলকাতার উত্তর ও পূর্বে ৫৬, ৫৭ এবং ৫৮ বা দক্ষিণ–পূর্ব ও দক্ষিণ–পশ্চিমে ১০৮, ১০৯, ১১১, ১১২, ১১৩, ১১৪, ১১৫, ১২৬, ১২৭, ১২৮, ১৩৯, ১৪০, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪ নম্বর ওয়ার্ডের মতো একাধিক বড় ওয়ার্ড রয়েছে। সূত্রের খবর, এই ওয়ার্ডগুলির মধ্যে এমন কিছু ওয়ার্ডও রয়েছে, যেগুলি ভেঙে দু’টি নয়, তিনটি বা চারটি ওয়ার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে যাদবপুর বা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কিছু এলাকা চলে আসতে পারে নতুন ওয়ার্ডের মধ্যে।

    পুরসভা সূত্রের খবর, এই অঙ্ক কার্যকর হলে ওয়ার্ডের সংখ্যা ২০০ ছাড়িয়ে ২১৫, এমনকী ২২০–ও হয়ে যেতে পারে। যদিও পুনর্বিন্যাস কমিটি সেটা এড়াতে চাইছে বলেই সূত্রের খবর। তাদের লক্ষ্য মোট ওয়ার্ডের সংখ্যা ২০০ থেকে ২০৫–এর মধ্যে রাখা।

    এর আগে শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকার সময়ে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪১ থেকে বেড়ে ১৪৪ হয়েছিল। সেই সময়ে জোকা এক ও দু’নম্বর পঞ্চায়েত–সহ ঠাকুরপুকুর লাগোয়া গ্রামীণ এলাকাও কলকাতার আওতায় এসেছিল। এর পরে ফিরহাদ হাকিম মেয়র হলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৫০ করার টার্গেট নেওয়া হয়। এ জন্য সোনারপুর গ্রামীণ এলাকার খেয়াদহ ২ এবং রাজপুর–সোনারপুর পুরসভার রেনিয়া এলাকা–সহ সংশ্লিষ্ট পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডকে কলকাতার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়।

  • Link to this news (এই সময়)