এই সময়: মহালয়া এ বার ১০ অক্টোবর। হাতে সময় মাত্র ৭২ দিন। বর্ষার মধ্যে রাজ্যের একাধিক রাস্তা বেহাল। ব্যতিক্রম নয় কলকাতাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই কলকাতা সহ জেলার খানা-খন্দে ভরা সেই সব রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন। মঙ্গলবার নবান্ন সভাঘরে সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ১০ অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করতেই হবে।
রাজ্যের সব রাস্তার দায়িত্ব পূর্ত দপ্তরের হাতে নেই। পুরসভা ও জেলা পরিষদের হাতে রাস্তার একটা বড় অংশ রয়েছে। বর্ষার সময়ে পুরো দমে কাজ শেষ করাও সম্ভব নয়। তাতে নির্মাণের পরেই রাস্তা আবার বেহাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে টেন্ডার ডেকে কী ভাবে পুজোর আগেই দ্রুত সেই কাজ শেষ করা যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আশ্বস্ত করেছেন, এ জন্য টাকার অভাব হবে না। ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। কিন্তু পুজোর সময়ে খানা-খন্দে ভরা রাস্তা নিয়ে অভিযোগ যাতে শুনতে না হয়। মুখ্যমন্ত্রী এ দিন পূর্ত দপ্তরের আধিকারিকদের বলেন, ‘এর আগে রাস্তা মেরামতি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ঠিকাদারদের নানা অভিযোগ উঠেছিল। সেগুলিরও সমাধান করে কাজ শুরু করে দিন।’
প্রসঙ্গত, ১৭ অক্টোবর মহাষষ্ঠী। যদিও সরকারি দপ্তরে পুজোর ছুটি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে।