সব মন্ত্রকের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী, নেওয়া হল প্রেজেন্টেশন
বর্তমান | ২৯ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিক্ষামন্ত্রক এবং পেট্রলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই দেশবাসীর চোখে ক্রমেই ভিলেন হিসাবে প্রতিপন্ন হয়েছে। নিট সংক্রান্ত আন্দোলন সাফল্য পাওয়ার পর এবার ইথানল বিরোধী আন্দোলন জোরালো হচ্ছে। আগস্ট মাস সম্ভবত ইথানল আন্দোলনের মাস হতে চলেছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে প্রথম থেকে কম গুরুত্ব দেওয়া যে ভুল হয়েছে, সেটা বুঝতে পেরেছে মোদি সরকার। আর সেই ভুল যাতে না হয়, সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সরকারের সংস্কারে উদ্যোগী হয়েছেন। আবার কোনো মন্ত্রকের বিরুদ্ধে জনরোষ যাতে আছড়ে না পড়ে, তা নিশ্চিত করতে চাইছেন মোদি। তাই সরকারের সব মন্ত্রককে নিয়ে তিনি মঙ্গলবার বৈঠক করলেন। বিভাগীয় আধিকারিকদেরও ডাকা হয়। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে পারফমরম্যান্স অডিটের ধাঁচেই নেওয়া হয় প্রেজেন্টেশন। এর আগে আমেরিকা ও ইরানের সংঘাতের আবহে তৈরি হয়েছিল সাতটি সচিব স্তরের কমিটি। তাদের কাজ কতদূর এগিয়েছে, এদিন তা জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত রদবদলের পথে হাঁটেনি মোদি সরকার। তবে এবার তা করতেই হবে। জানা যাচ্ছে, যে মন্ত্রীর হাতে খাদ্য মন্ত্রক, সেই প্রহ্লাদ যোশির হাতে স্থায়ীভাবে শিক্ষামন্ত্রক সম্ভবত থাকবে না। অন্য কোনো মন্ত্রীকে পূর্ণাঙ্গ সময়ের জন্য ওই দায়িত্ব দেওয়া হবে। রদবদলের আগে তাই সব মন্ত্রককে নিয়ে দফায় দফায় বৈঠক করে বদলের রূপরেখা করছেন প্রধানমন্ত্রী।