• এবার আন্দোলনের প্রস্তুতি কৃষকদের, আজ কনভেনশন
    বর্তমান | ২৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার মোদি সরকারকে বেগ দিতে তৈরি হচ্ছে কৃষকরাও। মঙ্গলবারই দিল্লির সিভিক সেন্টারে বৈঠক করেছে সংযুক্ত কিষান মোর্চা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মোদি বিরোধিতায় একের পর এক আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ২৬ নভেম্বর, অর্থাৎ কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে দিল্লি সহ দেশের মোট ১০০টি স্থানে কিষান মিছিলের আয়োজন করা হবে। তবে সেখানে ট্রাক্টর মিছিলের আয়োজন করা হবে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি জানিয়েছে, আগামী ১৭ আগস্ট একাধিক দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্মারকলিপি পেশ করা হবে। পাশাপাশি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, বিধায়ক এবং সাংসদদের কাছেও স্মারকলিপির কপি পৌঁছে দেওয়া হবে। আজ, বুধবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে শ্রমিক-কৃষক কনভেনশনের আয়োজন হয়েছে। এদিকে, মঙ্গলবার এসএফআই অভিযোগ করেছে আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে ছাত্রনেত্রী ঐশী ঘোষকে গ্রেপ্তার করতে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির এ কে গোপালন ভবনে এসেছিল দিল্লি পুলিশ। সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি বলেন, ‘এটি একটি জাতীয় দলের কেন্দ্রীয় কার্যালয়। সেই দপ্তরে সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ এসেছে। তারা যে প্রক্রিয়ায় তল্লাশি চালিয়েছে, তা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ করব।’
  • Link to this news (বর্তমান)