• উত্তরে নিশ্চিন্তে বিনিয়োগ করুন: মন্ত্রী স্বপন দাশগুপ্ত
    বর্তমান | ২৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আমরা শিল্পের পরিবেশ তৈরি করে দিয়েছি। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে দিচ্ছি। এবার উত্তরবঙ্গে নিশ্চিন্তে বিনিয়োগ করুন। মঙ্গলবার শিলিগুড়িতে বণিকসভার সম্মেলনে বার্তা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। 

    ‘বিকশিত বাংলা’ শীর্ষক সম্মেলনে এদিন অর্থমন্ত্রী বলেন, টি, টিম্বার ও ট্যুরিজমের বাইরেও উত্তরবঙ্গে অনেক কিছু হতে পারে। সেটাই করে দেখানোর সময় এসেছে। দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল এই অঞ্চল। কিন্তু আমাদের সরকার উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েছে। আগে উত্তরবঙ্গে মানুষ শুধু বেড়াতে আসতেন। আমরা বলছি, ঘুরতে আসুন। উত্তরবঙ্গে ব্যবসা করতেও আসুন। শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের নয়, বাংলারও প্রবেশদ্বার হতে পারে উত্তরবঙ্গ। 

    বিনিয়োগকারীদের উদ্দেশে রাজ্যের অর্থমন্ত্রীর আহ্বান, উত্তরবঙ্গে জমি জট নেই। বর্তমান সময়ে উদ্যোগপতিদের কোনোরকম সিন্ডিকেটরাজের দাপট সহ্য করতে হবে না। তাছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম। ফলে এখানে সুষ্ঠভাবে ব্যবসা করতে পারবেন। বেশি করে বিনিয়োগ করুন। 

    বাংলায় বিনিয়োগ করার ক্ষেত্রে উদ্যোগপতিদের মধ্যে এতদিন একটা নেতিবাচক মনোভাব ছিল বলে এদিনের সম্মেলনে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তবে এর পিছনে যথেষ্ট কারণ ছিল বলেও মনে করেন তিনি। বলেন, জমিজট, তোলাবাজি, সিন্ডিকেটরাজ সবমিলিয়ে বাংলার পরিচয় হয়ে দাঁড়িয়েছিল ব্যবসা বিরোধী। বাংলায় বিনিয়োগ করা নিয়ে প্রশ্নে দু’পা পিছিয়ে যেতেন উদ্যোগপতিরা। কারণ, তাঁরা বাস্তবটা জানতেন। পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে এখানে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছিলেন শিল্পপতিরা। কিন্তু রাজ্যে বিজেপি সরকার গড়তেই তাঁদের সেই মনোভাবের বদল ঘটেছে। 

    এই পরিস্থিতিতে সরকারের তরফে উদ্যোগপতিদের বার্তা দিতে এদিন অর্থমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে শিল্প গড়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। চিকেন নেক নিয়ে অনেকে হয়তো চিন্তা করতেন। কিন্তু সেই সমস্যা অনেকটাই মিটিয়ে ফেলা হয়েছে। বাকিটাও মিটে যাবে। রাষ্ট্রীয় সুরক্ষায় কেন্দ্রকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য। উত্তরবঙ্গে নলেজ সিটি কিংবা প্রযুক্তি হাব হতে পারে বলে মনে করেন অর্থমন্ত্রী। 

    ‘বঞ্চিত’ উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে ডবল ইঞ্জিনের সরকার বদ্ধপরিকর বলে বণিকসভার সম্মেলনে উল্লেখ করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। তিনি বলেন, শুধু পর্যটন ক্ষেত্রে নয়, কৃষি, শিল্প সহ নানা ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। যা এতদিন তুলে ধরা হয়নি। আমরা উত্তরের নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে এগচ্ছি। 

    শংকরের বক্তব্য, আগে রাজ্য সরকারের যে বাজেট হত, সেখানে শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গের নাম খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমাদের সরকার এবার যে বাজেট করেছে, তাতে স্বপ্নপূরণ হয়েছে উত্তরবঙ্গবাসীর। পর্যটনমন্ত্রী বলেন, শীঘ্রই রাজ্যের নয়া শিল্পনীতি প্রকাশ হবে। ইন্ডাস্ট্রি পলিসি তৈরিতে একটি টিম তৈরি করা হয়েছে। আমাদের সরকারের শিল্পনীতি প্রকাশ হলে বুঝতে পারবেন, রাজ্যে বিনিয়োগ টানতে আমরা কী ভিশন নিয়েছি। শিল্পনীতির পাশাপাশি শীঘ্রই রাজ্যের ট্যুরিজম পলিসি প্রকাশ করা হবে বলে জানান তিনি। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)