সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর থানার পাশ থেকে শ্যামপুর কালীতলা ঢাল হয়ে শ্যামপুর ঢেকিপাড়া পর্যন্ত রাস্তাটি বেহাল। বৃষ্টিতে যাতায়াতের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সেই বেহাল রাস্তা সংস্কার করতে জেলাশাসকের কাছে আবেদন করলেন শ্যামপুরের বাসিন্দা আইনের ছাত্র পিউস পাল। ইমেলে জেলাশাসকের কাছে এই আবেদন করেছেন তিনি। নিত্যযাত্রীদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বর্তমানে রাস্তাটি খুব খারাপ অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় খানাখন্দ। সেইসব জায়গায় জল জমে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। স্থানীয়দের কথায়, ভগ্নপ্রায় রাস্তা দিয়ে শ্যামপুর গ্রাম পঞ্চায়েত ছাড়াও বালিচাতুরি, বেলাড়ি, ধান্দালি ও পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। যেহেতু কয়েক কিলোমিটার এই রাস্তার পাশে বিডিও, বিএলআরও, শ্যামপুর থানা সহ প্রশাসনিক দপ্তর থাকায় বহু মানুষ এই রাস্তা ব্যবহার করেন। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা ও এই রাস্তা ব্যবহার করে। তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। অভিযোগ জানানো হলেও সুরাহা হয়নি। বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, আমি সমস্যা সমাধানের চেষ্টা করব।