সংবাদদাতা, উলুবেড়িয়া: পালাবদলের পর রাজ্যজুড়ে লাগানো বিশ্ব বাংলা লোগো নিয়ে বির্তকের ঝড় উঠেছিল। এর যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়। এরপরেই বিভিন্ন জায়গা থেকে বিশ্ব বাংলা লোগো খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। সেই মতো উলুবেড়িয়া শহরে লকগেটের কাছে উদ্যানে থাকা লোগো মঙ্গলবার খুলে নেওয়া হয়। এদিন সকালে উলুবেড়িয়া পুরসভার কর্মীরা এই লোগো খুলে নেন।উলুবেড়িয়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের লকগেটে মিলিটারি ব্রিজের পাশে একটি উদ্যান আছে। সেখানে বিপ্লবী নানু ঘোষ ও প্রয়াত প্রাক্তন মন্ত্রী রবীন ঘোষের মূর্তি আছে। বছর খানেক আগে পূর্তদপ্তরের উদ্যোগে উদ্যানটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। বসার চেয়ার লাগানোর পাশাপাশি আলো দিয়ে সাজিয়ে তোলা হয় উদ্যানটি। মাঝে বসানো হয় বিশ্ব বাংলা লোগো। মঙ্গলবার সেই লোগোই খুলে নেওয়া হল। এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান বলেন, সরকারি নির্দেশ মেনে লোগো খুলে ফেলা হয়েছে। নিজস্ব চিত্র