• এবার জাহাঙ্গির খানের বাড়ি নিয়ে অভিযোগ জমা পড়ল জেলা প্রশাসনে
    বর্তমান | ২৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কিছুদিন আগে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি কার্যালয়ে বুলডোজার চলেছে। অভিযোগ ছিল, অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই গড়ে উঠেছে পাঁচতলা ভবন। যদিও ভাঙাভাঙির বিষয়টি এখন বিচারাধীন। এবার ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের বাড়ি নিয়েও অনিয়মের অভিযোগ উঠল। জেলা প্রশাসনের কাছে তাঁর বাড়ির ব্যাপারে তদন্তের দাবিতে অভিযোগ জমা পড়েছে বলে খবর। ওই তৃণমূল নেতার যেহেতু দোতলার বেশি উঁচু বাড়ি, তাই বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার কথা জেলা পরিষদের। নিয়ম মেনেই সেটি তৈরি হয়েছিল কি না, খতিয়ে দেখার জন্য জেলা পরিষদকে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করবেন ইঞ্জিনিয়াররা। সেক্ষেত্রে যদি বিল্ডিং প্ল্যানের অনুমোদন ছাড়াই ওই বাড়ি হয়ে থাকে, তাহলে সাংসদ অফিসের মতোই তৃণমূল নেতার বাড়ির একই পরিণতি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলতার শ্রীরামপুর এলাকায় বিশাল বাড়ি জাহাঙ্গিরের। অনেকে বলছেন, বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরে এলাহি আয়োজন রয়েছে। কিছুদিন আগে দুষ্কৃতীরা সেখানে তালা ভেঙে তাণ্ডব চালিয়েছে। তছনছ করা হয়েছে তাঁর গাড়িও। বর্তমানে জাহাঙ্গির ও তাঁর স্ত্রী জেলে রয়েছেন। তাহলে তাঁদের তরফে কাদের শুনানিতে ডাকা হবে? এখনও এ ব্যাপারে প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু অধিকারিকদের ধারণা, এক্ষেত্রে ওই নেতার আইনজীবীকেই হয়তো কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হতে পারে। তদন্ত ও শুনানির পর কী সিদ্ধান্ত হয়, সেটাই এখন দেখার।
  • Link to this news (বর্তমান)