সুপুরি কেলেঙ্কারিতে গ্রেপ্তার আরও একজন, তোলা হল বনগাঁ আদালতে
বর্তমান | ২৯ জুলাই ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: রাজ্যে ২০০ কোটির সুপুরি কেলেঙ্কারির তদন্তে গ্রেপ্তার আরও এক। ধৃতের নাম সুখেন ঘোষ। এরফলে ধৃতের সংখ্যা দাঁড়াল আট। মঙ্গলবার ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে বনগাঁ আদালতে তোলা হয়। পাশাপাশি এই কেসে নিজেদের হেপাজতে থাকা বিকাশ খাটরাকে আদালতে হাজির করে ডিআরআই। আদালত বিকাশকে জেল হেপাজতে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত সুখেন একসময় বাংলাদেশ থেকে ভারতে এসে জয়ন্তীপুরে বসবাস শুরু করে। এরপর শুরু করে সুপুরির ব্যবসা। পেট্রাপোল সীমান্তে এই ব্যবসার দেখভাল করত। এই চক্রের মাস্টার মাইন্ড এক মহিলাকে আগেও গ্রেপ্তার করা হয়েছিল। চক্রটি মূলত ইন্দোনেশিয়া সহ একাধিক দেশ থেকে সুপারি এনে তা বাংলাদেশে উৎপন্ন দেখিয়ে ভারতে আমদানি করত। কাগুজে কোম্পানির মাধ্যমে এরা অন্য দেশ থেকে বাংলাদেশে চোরাপথে সুপুরি আনত। এরপর বাংলাদেশে উৎপন্ন দেখিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে দিনের পর দিন ভারতে নিয়ে আসত। কোটি কোটি টাকার ভারতের রাজস্ব ফাঁকি দিত। অভিযোগ, ২০০ কোটি টাকার বেশি লেনদেন করেছে চক্রটি। ইন্দোনেশিয়ার চোরা কারবারিদের কাছ থেকে সুপুরি এনে বাংলাদেশে মজুত করত। বাংলাদেশে প্যাকেট করে পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসত। শুল্ক দপ্তরের কাছে সেই খবর এসে পৌঁছেছিল। এরপরই শুরু হয় তদন্ত।