• নির্মাণে খুঁত: অভিষেক পরিবারের ৪ বাড়িতে ফিতে ফেলে মাপজোক
    বর্তমান | ২৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রীতিমতো ফিতে নিয়ে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের চারটি বাড়িতে মাপজোক করল কলকাতা পুরসভা। সঙ্গে ছিল প্রতিটি বাড়ির অনুমোদিত নকশা। ইনস্পেকশন চলে মঙ্গলবার দিনভর। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেকের পার্টি অফিস ভাঙার উপর স্থিতাবস্থাই বহাল রেখেছে হাইকোর্ট। পাশাপাশি, জমি-দুর্নীতি মামলায় রক্ষাকবচ মিলল না সুমিত রায়ের। এদিন কালীঘাটে অভিষেকের পরিবারের চারটি বাড়ি সরজমিনে খতিয়ে দেখেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা। দুটি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং দুটি কালীঘাট রোডে। নির্মাণে বিল্ডিং প্ল্যান লঙ্ঘন করা হয়েছে কি না, তা খুঁটিয়ে দেখা হয়েছে। এই রিপোর্ট পুর প্রশাসকের কাছে জমা পড়বে। 

    মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আমতলায় অভিষেকের পার্টি অফিস নিয়ে স্থিতাবস্থা বহাল থাকবে ৬ অগস্ট পর্যন্ত। ওইদিন ফের শুনানি। ওই পার্টি  অফিস ভাঙার উপর ১৯ জুলাই হাইকোর্ট স্থিতাবস্থা জারি করে। ওই নির্দেশ প্রত্যাহারের জন্য এদিন নতুন আবেদন করে রাজ্য। অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র জানান, মামলায় অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহার করার আবেদন করা হয়েছে। 

    অন্যদিকে, অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে আইনজীবী কিশোর দত্ত অন্তর্বর্তী নির্দেশের মেয়াদবৃদ্ধির আবেদন করেন। আর তৃণমূলের তরফে নতুন আবেদন করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। 

    তবে রাজ্যের পালটা বক্তব্য, ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমির উপর নির্মাণ ভাঙা নিয়ে মামলা দায়ের হয়েছে। অথচ ভাঙা হয়েছে কেবল ৫০৭ নম্বর দাগে। ফলে আগের স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহার করা উচিত। কিশোরবাবু পালটা জানান, জমির দাগ নম্বর বিতর্ক নিয়েও বক্তব্য জানানো হবে। বক্তব্য পেশের সুযোগ না-দিয়েই ভাঙা হয়েছে। 

    বিচারপতি ঘোষ জানান, এই মামলায় তিনটি আলাদা আবেদন জমা পড়েছে। সেগুলি নিয়ে একত্রে শুনানি প্রয়োজন। তাই শুনানি আপাতত মুলতবি রাখা হল। অন্যদিকে, জমি-দুর্নীতি মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের আপ্তসহায়ক সুমিত। মঙ্গলবারের শুনানিতে তাঁর আবেদনে সাড়া দেয়নি কোর্ট। বিচারপতি বলেন, ‘তদন্ত চলছে। এখনই রক্ষাকবচ চাইবেন না।’ পরবর্তী শুনানি বুধবার।
  • Link to this news (বর্তমান)