নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন নামঞ্জুর হল। অনিয়মের অভিযোগের একটি মামলায় চুঁচুড়া আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী। মঙ্গলবার আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করতে পারবে। এমনই দাবি করেছেন সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ইন্দ্রনীল সেন একটি মামলায় আগাম জামিন চেয়েছিলেন। আদালত তা নামঞ্জুর করেছে। ফলে, পুলিশের আইনি পদক্ষেপে আর কোনো বাধা রইল না। প্রসঙ্গত, এই মামলায় আগেই চন্দননগর পুরসভার ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও পুরসভার এক ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। জুলাই মাসের গোড়ায় এক ঠিকাদার তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন চন্দননগর থানায়। প্রতারণার অভিযোগও করেছিলেন। সেই মামলায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে পদক্ষেপে তৎপর হয়েছিলেন তদন্তকারীরা। এরপরই আগাম জামিনের আরজি জানান ইন্দ্রনীল।