• দলের নেতাকে খুনের চেষ্টা বিজেপি প্রার্থীর! অ্যাম্বুলেন্সে চেপে সল্টলেকের রাজ্য দপ্তরে গিয়ে অভিযোগ
    বর্তমান | ২৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের এসসি মোর্চার এক নেতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ, গত ১৭ জুলাই দুপুরে মাঝেরহাটের কাছে পোর্টল্যান্ড পার্ক এলাকায় বিজেপির এসসি মোর্চার রাজ্য কমিটির সদস্য অমরজিৎ কুমার রবিদাসের উপর আক্রমণ চালান রাকেশ সিং ও তাঁর দলবল। রিভলভারের বাট দিয়ে মেরে মুখ রক্তাক্ত করা হয়, মারধর করা হয় লোহার রড দিয়েও। মারাত্মক জখম অবস্থায় প্রথমে এসএসকেএম হাসপাতালে একদিন এবং পরে একটি নার্সিংহোমে পাঁচদিন চিকিৎসাধীন ছিলেন অমরজিৎ। এই ঘটনায় চেতলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা, আর্মস কেস এবং দ্য এসসি অ্যান্ড এসটি (প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস) অ্যাক্ট, ১৯৮৯’এর কড়া ধারায় রাকেশ সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 

    দলের এসসি মোর্চার এক সদস্যকে খুনের চেষ্টার এই হামলার ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরেই চাপানউতোর শুরু হয়েছে। রাকেশ সিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে সরব হয়েছে পদ্মপার্টির একটা অংশ। পুলিশ কেন রাকেশ সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির এসসি মোর্চার নেতা অমরজিৎ। ঘটনার ১০ দিন পরও কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার জখম অবস্থাতেই অ্যাম্বুলেন্সে চেপে সল্টলেকের সেক্টর ফাইভে রাজ্য বিজেপির সদর দপ্তরে পৌঁছে যান অমরজিৎ। তাঁর সঙ্গে এসেছিলেন বেশ কয়েকজন কর্মী-সমর্থক। বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের শাস্তির দাবিতে নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছিলেন তাঁরা। রাজ্য বিজেপির আইন-শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগপত্র জমা দেন অমরজিৎ। বিজেপির এসসি মোর্চার এই নেতার বক্তব্য, ‘দলের কাছে অভিযোগ জানিয়েছি। হামলার ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস মিলেছে।’  অপরদিকে এই বিষয়ে কলকাতা বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ঘটনার সময় আমি তারাপীঠে ছিলাম। এক্স ক্যাটিগরির নিরাপত্তা পাই। দেহরক্ষী সঙ্গে নিয়ে একজনকে মারতে যাব! এটা হয় কখনও?’ রাকেশের অভিযোগ, ‘এর পিছনে তৃণমূলের ইন্ধন রয়েছে। পুলিশকে মেইল করে আমিই তো ঘটনার তদন্তের দাবি জানিয়েছি।’ অপরদিকে অমরজিৎ বলেন, ‘১৪ বছর ধরে বিজেপি করছি। সনাতন যাত্রার আয়োজন করেছিলাম। তা বন্ধ করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার দিন দুপুরে হাতে রিভলভার নিয়ে দলবল সমেত আক্রমণ করেন রাকেশ সিং। গাড়ি ভাঙচুর করে রিভলভারের বাট দিয়ে মেরে মুখ ফাটিয়ে দেন। হাতেও ফ্র্যাকচার হয়েছে। রাকেশ সিং বলছেন, উনি নাকি এলাকাতেই ছিলেন না। কিন্তু ফেসবুক দেখাচ্ছে, ওইদিন তিনি এলাকার শ্যামধাম মন্দিরে ছিলেন। সেখানে বসে তাহলে কে হুমকি দিচ্ছিল?’

     জখম অমরজিৎ কুমার রবিদাস
  • Link to this news (বর্তমান)