নিজস্ব প্রতিনিধি বারাকপুর: ২০২১ সালে ভোটের ফল প্রকাশের দিন নৈহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী অরিন্দম বৈদ্যর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সে সময় অভিযোগ দায়ের হলেও অপরাধীরা ছাড় পেয়ে যায়। ওই হিংসার ঘটনায় পুলিশ দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন উত্তম মজুমদার ও শেখ মতিয়ার। তাঁদের বারাকপুর আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অরিন্দম বৈদ্য বলেন, ২০২১ সালে ভোটের ফল প্রকাশের দিন তৃণমূলের সুমিত সরকার ওরফে পাপাইয়ের নেতৃত্বে উত্তম মজুমদার, শেখ মতিয়ার সহ ছয় থেকে সাত জন বাড়িতে এসে হামলা চালায়। ঘরে ঢুকে ভাঙচুর চালিয়ে তছনছ করে দেয়।