• জমা জলে নাকাল শহর, ১৫ কোটির কাজ শুরু
    এই সময় | ২৯ জুলাই ২০২৬
  • এই সময়, হাওড়া: বর্ষার লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। প্রধান সড়ক থেকে অলি-গলি, এমনকী বহু বাড়িঘরেও একটু বৃষ্টিতেই ঢুকে পড়ছে জল। পাম্পিং স্টেশনগুলিতে দিনরাত পাম্প চালিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে শহরের নিকাশি ব্যবস্থার আমূল উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছে হাওড়া পুরসভা। পুরসভার সঙ্গে যৌথ ভাবে এই কাজে হাত মিলিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। রাজ্য সরকারের বরাদ্দ ১৫ কোটি টাকায় শহরের বিভিন্ন এলাকায় নিকাশি সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মঙ্গলবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার বিধায়ক সঞ্জয় সিং, বিধায়ক রুদ্রনীল ঘোষ, হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ পুরসভা ও কেএমডিএ-র একাধিক আধিকারিক।

    প্রতিমন্ত্রী জানান, চলতি বর্ষায় হাওড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মঙ্গলবারই পুর ও নগরোন্নয়ন দপ্তরের কন্ট্রোল রুমে হাওড়া শহর সংক্রান্ত মোট ২২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ১৬টি অভিযোগই ছিল জল জমে যাওয়া এবং নিকাশি সমস্যাকে কেন্দ্র করে। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, শহরের অন্যতম প্রধান নাগরিক সমস্যা এখন জলনিকাশি।

    উমেশ রাই বলেন, ‘শুধুমাত্র অস্থায়ী সমাধান নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই হাওড়া শহরের সমগ্র নিকাশি ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করে তুলতে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প তৈরি করা হয়েছে। প্রকল্পের বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই ধাপে ধাপে এই প্রকল্পের কাজ শুরু হবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে, ভবিষ্যতে বর্ষার সময়ে জল জমার সমস্যা অনেকটাই কমে আসবে।

    তিনি আরও জানান, হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত প্রযুক্তিগত কর্মীর অভাব রয়েছে। সেই ঘাটতি পূরণ করতে কেএমডিএ থেকে ১৫ জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে এই প্রকল্পের কাজে যুক্ত করা হয়েছে। তাঁরা বিভিন্ন এলাকার নিকাশি ব্যবস্থা, পাম্পিং স্টেশন, ড্রেনেজ নেটওয়ার্ক এবং জল নিষ্কাশনের সামগ্রিক পরিকাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করছেন।

    নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এ দিন আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা ঘোষণা করা হয়। হাওড়া পুরসভার পক্ষ থেকে চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর। ৬২৯৩৭০৮৯৭৬ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাগরিকরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানীয় জলের সমস্যা, নিকাশি ব্যবস্থা, রাস্তা রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দপ্তরে তা পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা। প্রশাসনের আশা, এই উদ্যোগের ফলে নাগরিক সমস্যার সমাধান আরও দ্রুত এবং স্বচ্ছ ভাবে করা সম্ভব হবে।

  • Link to this news (এই সময়)