এই সময়, চুঁচুড়া: তোলাবাজি ও ভয় দেখানো সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল করল আদালত। মঙ্গলবার চুঁচুড়ার প্রথম দায়রা আদালত ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন বাতিল করে।
সূত্রের খবর, চন্দননগর থানায় গত ৪ জুলাই চন্দননগর কর্পোরেশনের ঠিকাদার প্রদীপ দে অভিযোগ দায়ের করেন। ১০৭ নম্বর মামলায় তোলাবাজি, চিটিং, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই মামলাতে আগেই গ্রেপ্তার করা হয়েছে চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগারওয়ালকে। এ দিন তাঁকে আদালতে পেশ করা হলে, তাঁর জামিনের আবেদন বাতিল হয়।
হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, ‘তোলাবাজির অভিযোগে ডেপুটি মেয়র ও চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে আগেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল হওয়ায়, তাঁকে গ্রেপ্তার করতে আর কোনও বাধা রইল না পুলিশের।’ প্রাক্তন মন্ত্রী যাতে কোনও ভাবেই জামিন না পান, সে জন্য আদালতে জোর সওয়াল করেন সরকারি আইনজীবী।
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আরও অভিযোগ, চন্দননগর বিধানসভা উৎসবের নাম করে প্রভাবশালী মানুষের থেকে টাকা তুলে ব্যক্তিগত ভাবে আত্মসাৎ করেন তিনি। রাজ্যে পালাবদলের পরেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শিল্পীদের একাংশ প্রকাশ্যে নানা বিষয়ে ক্ষোভ দেখিয়েছেন।তৃণমূল সরকারের পৃষ্ঠপোষক না হলে সরকারি অনুষ্ঠানে সুযোগ না পাওয়ার মতো নানা অভিযোগ তুলেছেন শিল্পীরা। এ বার আগাম জামিন বাতিল হওয়ায় বিপাকে পড়লেন প্রাক্তন মন্ত্রী। যদিও এই বিষয়ে ইন্দ্রনীলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।