ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ১০০ শতাংশ মুগ ডাল কেনা, সার বিতরণ ব্যবস্থার উন্নতি এবং ই-টোকেন প্রথার ত্রুটি সংশোধনের দাবিতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে কৃষকদের ‘কৃষক ক্রান্তি পদযাত্রা’ ও বিক্ষোভ শুরু হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে হাজার হাজার কৃষক নর্মদাপুরম থেকে ভোপাল অভিমুখে মিছিল করে ব্যারিকেড ভেঙে রাজধানীতে ঢুকেছেন। তাঁরা মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছনো আটকাতে বীর সাভারকর সেতুর আগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সারা রাত কৃষকরা রাস্তায় কাটিয়েছেন। বুধবার সকালে মুখ্যমন্ত্রীর ভবনের দিকে আবার মিছিল শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে বৃষ্টি কমতেই চড়া রোদে ফের ভ্যাপসা গরমের আঁচ।
কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি লোকসভায় একটি মুলতবি প্রস্তাব (Adjournment Motion Notice) জমা দিয়েছেন। তাঁর দাবি, নতুন দলত্যাগ-বিরোধী আইন (Anti-Defection Law)-এর রূপরেখা নিয়ে সংসদে আলোচনা হোক। প্রস্তাবে তিনি দাবি করেছেন, এমন একটি আইন প্রয়োজন যা সুযোগসন্ধানী রাজনীতির কারণে আদর্শ বা নীতিগত কোনও প্রকৃত মতপার্থক্য ছাড়াই গণহারে দলবদলকে (Mass Political Defections) কঠোরভাবে রোধ করবে। একই সঙ্গে, আইনটি যেন সংসদের ভিতরে ও বাইরে এবং বিভিন্ন আইনসভায় সৎ, নীতিনিষ্ঠ ও গঠনমূলক ভিন্নমত প্রকাশের জন্য যথাযথ সুযোগও নিশ্চিত করে।
গুরুপূর্ণিমা উপলক্ষে বুধবার সাতসকালে উপচে পড়া ভিড় হরিদ্বারে। পুণ্য তিথিতে গঙ্গাস্নানের জন্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। একই ছবি প্রয়াগরাজেও।