• ‘রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি’, ফের বিস্ফোরক দিলীপ
    আজকাল | ২৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করা একাধিক ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক মদন মিত্রকে সিবিআই তলব, আমফান ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে পূর্বতন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন তিনি।

    তৃণমূল নেতা মদন মিত্রকে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘প্রশংসা বা নিন্দায় কিছু যায় আসে না। যে যা কর্ম করেছে, তাঁকে তার ফল ভোগ করতেই হবে। যদি উনি কোনও অন্যায় না করে থাকেন, তবে ভয়ের কোনও কারণ নেই।’

    দিলীপ যোগ করেন, ‘পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে যে অপরিসীম দুর্নীতি জড়িয়ে রয়েছে, তাতে যুক্ত প্রত্যেককেই একদিন বিচারে মুখোমুখি হতে হবে।’ আমফানের পর মৎস্যজীবীদের জন্য দেওয়া ক্ষতিপূরণের টাকায় বিপুল দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, তার তদন্ত হবেই। এ বিষয়ে যারা যারা যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    অন্যদিকে, পুজোর আগেই রাজ্যের সমস্ত ভাঙাচোরা রাস্তা মেরামতের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘টানা বৃষ্টির ফলে রাস্তায় জল জমে কাজ করা কঠিন হয়ে পড়ছে। তবে বৃষ্টির দোহাই দিয়ে বছরের পর বছর খারাপ রাস্তা ফেলে রাখা যায় না। মুখ্যমন্ত্রী যখন নজর দিয়েছেন, আশা করি দ্রুত কাজ হবে।’
  • Link to this news (আজকাল)