• দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা টমেটো বোঝাই পিকআপের, ভোররাতের দুর্ঘটনায় প্রাণ গেল চালকের
    News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
  • মুর্শিদাবাদের বহরমপুর–জঙ্গিপুর রাজ্য সড়কে ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পিকআপ ভ্যান চালকের। জানা গিয়েছে, টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যান ভগবানগোলার দিক থেকে লালগোলার দিকে যাচ্ছিল। সেই সময় জশইতলা এলাকায় দ্রুতগতিতে থাকা পিকআপ ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটির চালক গুরুতর আহত হন।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগোলা থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত পিকআপ ভ্যান চালকের বাড়ি কান্দি এলাকায়। তবে এখনও পর্যন্ত তাঁর নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। ভোররাতের এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    আরও পড়ুনঃ “মমতা-অভিষেকের সঙ্গে যোগাযোগ নেই, তবে বিজেপিতে….” দলবদলের জল্পনার মাঝেই কাজল শেখের বিস্ফোরক বার্তা

    প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

    অন‍্যদিকে, মঙ্গলবার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ান গেল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকে। ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ডাম্পার রাস্তা ছেড়ে সোজা ঢুকে পড়ে রাস্তার ধারে অবস্থিত একটি তাঁতের কারখানায়। বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের। মুহূর্তের মধ্যেই কারখানার একাংশ ভেঙে চুরমার হয়ে যায় এবং একাধিক তাঁত ও দামী সুতোর ব্যাপক ক্ষতি হয়। তবে, গভীর রাতে কারখানায় শ্রমিক না থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাটি বুধবার ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ফকিরতলা এলাকায় কালনা–কাটোয়া STKK রোডের ধারে ঘটে।
  • Link to this news (News18 বাংলা)