• আজ ইডি দফতরে হাজিরা, তার আগে হঠাৎ মোদির ভূয়সী প্রশংসায় মদন! শুনে কী বললেন দিলীপ?
    News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
  • আজ বুধবারই পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে ডেকে পাঠিয়েছে ইডি৷ কেন্দ্রীয় এজেন্সির সামনে হাজিরা দিতে যাওয়ার আগেই অবশ্য তাৎপর্যপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেল মদন মিত্রের মুখে৷ কেন্দ্রীয় এজেন্সির সামনে হাজিরার আগের দিন মদনের মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা শুনে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই৷ যদিও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, দুর্নীতিতে জড়িত প্রমাণিত হলে কেউ ছাড় পাবেন না৷

    গতকাল এনডিএ-এর বৈঠকে ডাক পেয়েছিলেন এনসিপিআই-তে যোগ দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা৷ এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই একেবারে সামনের সারিতে বসার ব্যবস্থা করা হয়৷ বৈঠকের শেষে আলাদা করে এনসিপিআই সাংসদদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷

    প্রধানমন্ত্রীর এই আচরণের প্রশংসা করেই মদন মঙ্গলবার বলেন, “রাজনীতি খরস্রোতা নদীর মতো। আজ মোদি তথা এনডিএ-কে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানালাম। আজ তো উনি নজির গড়েছেন, শাসক-বিরোধীকে এক সঙ্গে বসিয়ে দিলেন।”

    মদন মিত্রের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তবে কি কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে বিজেপি-র সুনজরে পড়তেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক?

    এ নিয়ে প্রশ্ন করা হলে এ দিন খড়্গপুরে দিলীপ ঘোষ বলেন, প্রশংসা বা নিন্দায় কিছু যায় আসে না। যে যা করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি কোনও দোষ না করে থাকেন তাহলে ভয়ের কোন কারণ নেই। কিন্তু অপরিসীম দুর্নীতি বাংলা রন্ধ্রে রন্ধ্রে হয়েছে তার মধ্যে যে যুক্ত থাকবে তাকে আইনের আওতায় আসতে হবে।

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভায় ১২৫ জনকে বেআইনি ভাবে চাকরি দেওয়ার অভিযোগ ছিল এবং চাকরির বদলে টাকা তোলার অভিযোগ ছিল। অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছিল ইডি।

    চাকরির বিনিময়ে সেই সমস্ত টাকা মদন মিত্রের পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট মারফত নেওয়া হয়েছিল বলে তদন্তে তথ্য মিলেছে বলে ইডি সূত্রে দাবি।
  • Link to this news (News18 বাংলা)