• অসুস্থ বাবা, রাতে দেখতে আসছিলেন তৃণমূল নেতা! খবর পেয়ে ফাঁদ পাতল পুলিশ, বিষ্ণুপুরে টান টান নাটক
    News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
  • দেবব্রত মণ্ডল, বিষ্ণুপুর: নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজশের অভিযোগে তাঁকে খুঁজছিল পুলিশ৷ নির্যাতিতার পরিবারকে পুলিশে অভিযোগ দায়েরে বাধা দেওয়ার অভিযোগও ছিল বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রাক্তন সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের বিরুদ্ধে৷ গত বিধানসভা নির্বাচনে ওন্দা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন সুব্রত দত্ত৷ শেষ পর্যন্ত গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে বাঁকুড়ার পাত্রসায়ের থানার পুলিশ৷

    পুলিশে তাঁর নামে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই গত বেশ কিছু দিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন সুব্রত দত্ত৷ গতকাল রাতে সুব্রত দত্তের বাবা অসুস্থত হয়ে পাত্রসায়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন৷ সেই খবর পেয়েই রাতে বাবাককে দেখতে স্বাস্থ্যকেন্দ্রে আসছিলেন সুব্রত দত্ত৷ গোপন সূত্রে সেই খবর পেয়েই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ৷

    সূত্রের খবর, চলতি বছর ৩০ মার্চ বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় এক নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে পাত্রসায়েরের স্টেশন পাড়ার বাসিন্দা রোহিত মল্লিক ও তার মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে। মৃতা নাবালিকার পরিবার সেসময় পাত্রসায়ের থানায় অভিযোগ জানাতে চাইলে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি সুব্রত দত্ত ও তার স্ত্রী পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক প্রভাব খাটিয়ে অভিযোগ করতে বাধা দেন বলে অভিযোগ।

    অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে সেসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃতার ময়নাতদন্ত না করিয়ে পুড়িয়ে দেওয়া হয় দেহ। রাজ্যে পালাবদলের পর গত ১১ জুলাই অভিযুক্ত রোহিত ও তাঁর মা রুম্পার বিরুদ্ধে পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। এরপরই পাত্রসায়ের থানার পুলিশ গ্রেফতার করে ওই দুজনকে। ১১ জুলাই ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

    ধৃত ওই ২ জনকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনায় তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্ত ও তার স্ত্রী পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিকের যোগসাজসের সূত্র হাতে পায় পুলিশ। এরপর ১২ জুলাই রাতে পূরবী দত্ত মল্লিককে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। গতকাল রাতে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেদের বিরুদ্ধে রহস্যমৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করা ও মৃতার পরিবারকে অভিযোগ করতে বাধা দেওয়া সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এলাকা ছেড়ে পালিয়ে যান সুব্রত দত্ত।
  • Link to this news (News18 বাংলা)