সকালে চুরি, সন্ধেয় 'হাফ রিটার্ন'! নদিয়ায় চোরের এমন সুমতি দেখে তাজ্জব সবাই, আসল কারণটা কী?
News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
: চুরি যাওয়া গহনা ও নগদ অর্থ আংশিক গৃহস্থের বাড়ির সামনে ফেলে গেল চোর, পুলিশি তৎপরতায় স্বস্তিতে পরিবার। বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা পুরো না হলেও আংশিক ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল রামনগর মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা চায়না বিবির পরিবার। পুলিশের দ্রুত পদক্ষেপ ও কঠোর তৎপরতার কারণেই এই উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চায়না বিবি জানান, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টা নাগাদ তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। কাল বিলম্ব না করে ঘটনার তদন্তে নেমে এক স্থানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়। এরপরেই এলাকাতেই ঘোরাফেরা করা স্থানীয় এক সন্দেহভাজন মহিলার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনাটি ঘটার সময়ে এলাকায় বিদ্যুৎ ছিল না এবং বাড়ির দরজা খোলা ছিল বলে দাবি করে পরিবার।
এরপর সন্ধ্যাবেলা বাড়িতে যখন আলো ছিল না, তখন চায়না বিবির মেয়ে ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখতে পায় যে কালো চিন কাগজের একটি মোড়ক ঘরে ফেলে রেখে যাওয়া হয়েছে। কাগজটি খুলে ভেতরে উদ্ধার হয় নগদ অর্থ ২,৭৬০ টাকা।
চুরি যাওয়া সোনার গহনার একটি অংশ।
বাকি সোনার গহনা যার মধ্যে একটি সোনার হার ও দুটি আংটি রয়েছে তা দ্রুত উদ্ধার হবে বলে পুলিশের পক্ষ থেকে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে। আংশিক গহনা ও নগদ টাকা ফেরত পেয়ে চায়না বিবি প্রশাসন ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পুলিশের কড়া তৎপরতা ও চাপের কারণেই দুষ্কৃতীরা খোয়া যাওয়া জিনিস ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে। বাকি জিনিসও পুলিশ দ্রুত উদ্ধার করে দেবে বলে আমরা আশাবাদী। প্রশাসনকে আমাদের আন্তরিক ধন্যবাদ। পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া বাকি গহনা উদ্ধার ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।