• লক্ষ লক্ষ টাকার সোনার গয়না চুরি, পর দিনই ফেরত দিয়ে গেল ‘ভালো চোর’, নদিয়ায় শোরগোল
    এই সময় | ২৯ জুলাই ২০২৬
  • আগের দিন রাতেই আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গয়না আর নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়েছিল চোর। ওই ঘটনায় স্বাভাবিক ভাবেই বিধ্বস্ত গোটা পরিবার। সংসার কী ভাবে চলবে, সেই চিন্তায় মুষড়ে পড়ছিলেন বাড়ির সকলে। এ সব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ বাড়ির বারান্দায় বিকট আওয়াজ। কেউ যেন ভারী কিছু ছুড়ে মেরেছে! দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন সকলে। যা ভেবেছিলেন, ঠিক তা-ই। দেখেন, বারান্দায় একটা কালো প্যাকেট পড়ে রয়েছে। প্রথমটায় ভয়ই পেয়ে গিয়েছিলেন গৃহকর্তা। বিস্ফোরক-টিস্ফোরক নয় তো! পরে ভয় কিছুটা কাটিয়ে সেই প্যাকেট খুলে যা দেখলেন, তাতে ভিরমি খাওয়ার জোগাড় হয়েছিল বছর চল্লিশের ইসমাইল শেখের। এ তো সেই চুরি যাওয়া সোনাগয়না!

    হাতড়ে হাতড়ে ব্যাগ থেকে একে একে সব বার করে আনলেন গৃহকর্তা। একটি সোনার চেন, একজোড়া কানের দুল, দু’জোড়া বালা, আর একটা আংটি। কিন্তু এ কী! গলার চেন আর আংটি দুটো তো ফেরত দিল না! নগদও পুরো নেই। মাত্র ২৭০০ টাকা ফিরিয়েছে চোর। আবার মুষড়ে পড়লেন ইসমাইল। চিৎকার-চেঁচামেচিতে তত ক্ষণে বাড়ির বাইরে জড়ো হয়েছেন প্রতিবেশীরাও। গোটা ঘটনায় তাঁরাও হতবাক। কেউ বললেন, ‘ধরা পড়ার ভয়েই ফেরত গিয়ে গিয়েছে।’ কেউ কেউ আবার বললেন, ‘ভালো চোরই বলতে হবে! যতটুকু দরকার, ততটুকু রেখে বাকিটা ফেরত দিয়ে দিল।’

    নদিয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়ার ঘটনা। গত সোমবার ইসমাইলের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পুলিশে অভিযোগও দায়ের করেছিলেন মাঝবয়সি যুবক। তার পরেই তদন্তে নেমে এক জনকে আটক করে পুলিশ। ঠিক তার পরেই চুরির জিনিসের কিছুটা ফেরত দিয়ে গেল চোর!

    পরিবারের অনুমান, প্রতিবেশীদেরই কেউ চুরিতে যুক্ত। সেই কারণেই এক জনের পাকড়াও হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি কিছু জিনিস ফেরত দিয়ে গিয়েছে। পুলিশে দায়ের হওয়া অভিযোগেও প্রতিবেশীদের যুক্ত থাকার কথা জানিয়েছে ইসমাইলের পরিবার। পরিবারের এক সদস্য বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমানো ছিল। সেটা চুরি করে হয়ে গেল! পুলিশ সঠিক তদন্ত করলে বাকি জিনিসও ফেরত পাওয়া সম্ভব বলেই মনে হচ্ছে। পুলিশের উপরে আস্থা রয়েছে আমাদের।’

  • Link to this news (এই সময়)