• IIT খড়্গপুরের ক্যাম্পাস থেকে উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ
    এই সময় | ২৯ জুলাই ২০২৬
  • Big Breaking: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম (Dr. Deepak Reddy Pullaguram)

    বছর ৩৬-এর দীপকের বাড়ি হায়দরাবাদে। কর্মসূত্রে থাকতেন ক্যাম্পাসের একটি কোয়ার্টারে। ২ বিআর -১৪ নম্বর কোয়ার্টারে তিনি একাই থাকতেন। বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে খড়গপুর টাউন থানার অন্তর্গত হিজলি ফাঁড়ির পুলিশ ওই কোয়ার্টারে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে। আইআইটি ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পরিবারকেও খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কোয়ার্টারের ওই রুমটি সিল করে দিয়েছে পুলিশ। পারিবারিক বা অন্য কোনও ব্যক্তিগত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা তা জানা যায়নি।

    পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) বুশরা বানো বলেন, ‘এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।’

    খড়গপুর আইআইটিতে এর আগে বেশ কয়েকজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বার এক সহকারী অধ্যাপকের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া ও শিক্ষক মহলে।

  • Link to this news (এই সময়)