গোপাল সাহা: ২৪ জুলাই যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে, কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দেয় বাম সংগঠনগুলি। ধর্মতলায়, ওই মিছিলে তীব্র অশান্তির ঘটনা ঘটে। পুলিশ থেকে সংবাদমাধ্যম, আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার তীব্র নিন্দা ছড়ায়। এসবের মাঝেই, বামেদের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। তাতে দাবি করা হয়, ওই ভিডিও মৌলালির। যদিও পরে ফ্যাক্ট চেকে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন তথ্য। জানা যায়, ওই ভিডিও ২৪ জুলাইয়ের মৌলালি নয়ই, ওই ভিডিও আদতে অন্য রাজ্যের।
ওই ঘটনায় এবার বাম নেতাদের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। রাঁচির ভিডিওকে মৌলালির বলে প্রচারের অভিযোগ, সৃজন-দেবাঞ্জনদের বিরুদ্ধে এবার বিস্ফোরক রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। ভিডিওটি এরাজ্যের নয় বলে স্পষ্ট হওয়ার পর মন্ত্রী দিলীপ ঘোষ বাম নেতৃত্বের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান। একই সঙ্গে সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ তিন জনের বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর সূত্রের।
প্রসঙ্গত,বামেদের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়, ওই ভিডিওতে দেখা যায়, বিজেপির পতাকা লাগানো একটি গাড়ির উপর দাঁড়িয়ে কয়েক জন যুবক মিছিল লক্ষ্য করে টমেটো ও ইট ছুঁড়ছেন। বামেদের দাবি ছিল, ঘটনাটি মৌলালি এলাকার। পরে যাচাই করে জানা যায়, ভিডিওটি আসলে ঝাড়খণ্ডের রাঁচির। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, 'ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।' তাঁর দাবি, 'এ ধরনের কাজ সমাজবিরোধীদেরই পরিচয় বহন করে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।'
অন্যদিকে, সৃজন ভট্টাচার্য বলেন, পরে তথ্য যাচাই করে তাঁরা জানতে পেরেছেন যে ভিডিওটি মৌলালির নয়। তবে তাঁর দাবি, ভিডিওতে যে হামলার দৃশ্য দেখা যাচ্ছে, তা বাস্তব এবং এ ধরনের ঘটনা যেখানে ঘটুক না কেন, তা সমানভাবে নিন্দনীয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।