আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী-পুত্র আগেই হাজিরা দিয়েছেন। মদনের শিবির বদলের নেপথ্যে নাকি ইডি'র তলব দায়ী, কালীঘাট শিবির এই অভিযোগ বারেবারে করেছে। যদিও মদন তা উড়িয়ে দিয়েছেন ফুঁৎকারে। উলটে নানা হুঁশিয়ারি দিয়েছেন গত কয়েকদিনে। এবার বুধবার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্র।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র হাজিরা দেন বুধে। কামারহাটি পৌরসভায় ১২৫জনকে বেনিয়ম ভাবে চাকরি দেওয়ার অভিযোগ এবং চাকরির বদলে টাকা তোলার অভিযোগ। মদন মিত্রর দুই ছেলে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২২, ২৩ ও ২৪ জুলাই মদন মিত্রের স্ত্রী এবং তাঁর দুই ছেলেকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। তাদের বয়ান রেকর্ড করা হয়।তদন্তে তাঁদের কাছ থেকে বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও সূত্রের দাবি।
ইডি সূত্রের খবর, পুরনিয়োগে আর্থিক অনিয়ম এবং বেআইনি নিয়োগ সংক্রান্ত তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, মামলার আর্থিক লেনদেন, নিয়োগ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তাঁর কাছ থেকে পাওয়া যেতে পারে এবং সেই সমস্ত টাকা মদন মিত্রের পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট মারফত নিয়ে হয়েছিল বলে তথ্য পায়। বুধবার মদন মিত্র কে জিজ্ঞাসাবাদ যেমন করা হবে অয়নশীল সম্পর্কে পাশাপাশি, তাঁর পরিবারের সদস্যরা যে বয়ান দিয়েছেন, তাও পাল্টা জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত এই মামলায় প্রথম অয়নশীল এর কাছ থেকে পুর-নিয়োগের তথ্য পেয়েছিল ইডি। মদন মিত্র জানিয়েছেন, 'আমি কোনওভাবেই কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। ইডি ডেকেছে। যা বলার সমস্ত উত্তর দেব।' ইডি সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ মদন মিত্র কে জিজ্ঞাসাবাদ শুরু করা শুরু হচ্ছে। ইডির দু'জন আধিকারিক জিজ্ঞাসাবাদ করবে মদন মিত্রকে। প্রথমে চাকরির সুপারিশ বেনিয়ম ভাবে অয়ন শীলের যে বয়ান দিয়েছিল সেই সমস্ত তথ্য দেখিয়ে বা বয়ান দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।পরবর্তী ক্ষেত্রে তার দুই ছেলে এবং স্ত্রীর বয়ান মিলিয়ে দেখে জিজ্ঞাসাবাদ করা হবে। দুই ছেলে স্ত্রীর বয়ানের সঙ্গে তাঁর বয়ানের মিল আছে কিনা মিলিয়ে দেখা হবে।মদন মিত্রের থেকে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে এবং আইটি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।সেগুলো তিনি জমা দেবেন।