আন্তর্জাতিক মাদক পাচারচক্রের মাথা? নদিয়ায় গ্রেপ্তার খুনে অভিযুক্ত আইএসএফ নেতা মহিদুল
প্রতিদিন | ২৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগ! নদিয়ায় (Nadia) গ্রেপ্তার খুনের মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি তথা বর্তমানে আইএসএফ নেতা। তাঁকে গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। বুধবার নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনে গ্রেপ্তার করা হয়েছে। এ দিন তাঁকে আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নেতার নাম মহিদুল ইসলাম দফাদার। তিনি হাতিশালা-২ অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি। বর্তমানে আইএসএফের নেতা। বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছিলেন। গত রবিবার কৃষ্ণনগরের ঘূর্ণি গোডাউন মোড় এলাকায় জ্বালানি কাঠবোঝাই একটি পণ্যবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের হদিশ মেলে।
উঠে আসে প্রাক্তন তৃণমূল নেতা মইদুলের নাম। সেই সূত্রেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে অসঙ্গতি ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের সময় আরও জানা গিয়েছে, এই মহিদুলের বিরুদ্ধে খুনের মামলা-সহ একাধিক অভিযোগ রয়েছে। এই আন্তর্জাতিক মাদক পাচারচক্রে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে পাচার চলত? কারা কারা যুক্ত। সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।