• মমতার সঙ্গে ‘গদ্দারি’! ভোট ফেরত চেয়ে তৃণমূল বিধায়ককে চিঠি দলের কর্মীদের
    প্রতিদিন | ২৯ জুলাই ২০২৬
  • তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘বেইমানি’ করেছেন বিধায়ক। সেজন্য নিজেদের প্রদেয় ভোট ফেরত চেয়ে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিককে চিঠি পাঠালেন দলের কর্মীরা। চিঠিটি মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠানো হয়েছে। কর্মীদের দাবি, তাঁদের ভোটগুলি বাদ দিয়ে বর্ধমান উত্তর বিধানসভার ভোট পুনর্গণনা করা হোক। এই চিঠিগুলির মধ্যে একটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    তৃণমূল কর্মীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তাঁরা বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছিলেন। আর সেই ভোট পেয়েই জেতেন নিশীথ কুমার মালিক। ভোটে জয়লাভের পর মমতার সঙ্গ ত্যাগ করে বিদ্রোহী শিবিরে নাম লেখান তিনি। এর জেরেই ক্ষুব্ধ হন তৃণমূল কর্মীরা। চিঠিতে লেখা হয়েছে, “নিশীথ কুমার মালিক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা দলে নেই, তাই আমাদের প্রদেয় মূল্যবান ভোট বাদ দিয়ে তাঁর প্রদেয় ভোট গণনা করা হোক।”

    উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর খানখান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতার সঙ্গ ছেড়ে ৬৫ জন জয়ী তৃণমূল বিধায়ক বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নিশীথও। বিদ্রোহীদের একাধিকবার ফেরত আসার বার্তা দিয়েছিলেন মমতা। কিন্তু তা সত্ত্বেও ফেরত আসেননি বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা বিদ্রোহী শিবিরে চলে যান।

    সম্প্রতি ভোট ফেরত চাওয়ার এরকমই একটি চিঠি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। চিঠিটি লেখেন বর্ধমান উত্তর বিধানসভার বাসিন্দা সন্দীপ ভট্টাচার্য। তিনি লেখেন, তিনি নিজের ও তাঁর স্ত্রী রূপালি ঘরুই ভট্টাচার্যের প্রদেয় ভোট ফেরত চান। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছিলেন। তবে বিধায়ক নিশীথ কুমার মালিক নেত্রীর সঙ্গে ‘গদ্দারি’ করায় তিনি ভোটগুলি ফেরত চান।
  • Link to this news (প্রতিদিন)