• ছেলেদের ফুল শার্ট-প্যান্ট, স্কার্ট থাকলেও ঢাকতে হবে পা! ডেঙ্গু রোধে স্কুল ইউনিফর্মে বড় বদল
    প্রতিদিন | ২৯ জুলাই ২০২৬
  • ডেঙ্গু রোধে সরকারি স্কুলের ইউনিফর্মে (New Uniform WB School) বড় বদল! বুধবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানালেন, প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৬ মাস ছেলেদের পরতে হবে ফুল শার্ট-প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদের ঢাকতে হবে পা। বেসরকারি স্কুলেও এই নিয়ম জারি করার জন্য রাজ্যের তরফে আবেদন করা হবে বলেই জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে স্কুল কর্তৃপক্ষের হাতে। 

    প্রতিবছরই বর্ষা ও বর্ষা পরবর্তীতে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের তরফে পদক্ষেপ করা হয়। সতর্কও করা হয় রাজ্যবাসীকে। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্তের হদিশ মেলে। প্রথম পর্যায়ে ধরা না পড়লে মৃত্যুর ঘটনাও ঘটে। সে কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত রাজ্যের। বুধবার স্বাস্থ্যভবনে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে। সেখানেই স্বাস্থ্যমন্ত্রী জানান স্কুলের পোশাক বদলের সিদ্ধান্তের কথা। শারদ্বত মুখোপাধ্যায় এদিন বলেন, “প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৬ মাস ছেলেদের পরতে হবে ফুল শার্ট-প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদের ঢাকতে হবে পা।” উদ্দেশ্য একটাই, মশার কামড় থেকে বাঁচাতে হবে পড়ুয়াদের। শীঘ্রই এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 

    এক্ষেত্রে প্রশ্ন হল এই নির্দেশ কি বেসরকারি স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য? জানা গিয়েছে, সরকারের তরফে বেসরকারি স্কুলগুলোকে বুঝিয়ে বিষয়টা বলা হবে। আবেদন করা হবে পোশাক বিধিতে বদল আনার। তবে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে পোশাকে বদল নাও করতে পারেন। তবে স্বাস্থ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরা। 
  • Link to this news (প্রতিদিন)