• পুলিশি তৎপরতায় স্বস্তি, চুরি যাওয়া নগদ টাকা ও সোনার গয়নার একাংশ উদ্ধার! শান্তিপুরে চাঞ্চল্য়
    News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
  • নদিয়ার শান্তিপুর থানার রামনগর মিস্ত্রিপাড়া এলাকায় চুরির ঘটনার পর পুলিশের দ্রুত তৎপরতায় চুরি যাওয়া নগদ অর্থ ও সোনার গহনার একাংশ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে চায়না বিবির পরিবার।

    সোমবার সকাল আনুমানিক ১০টা নাগাদ তাঁদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।

    অভিযোগ পাওয়ার পর বিলম্ব না করে তদন্তে নেমে এক স্থানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায়, বাড়িতে আলো না থাকায় চায়না বিবির মেয়ে ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখতে পান কালো চিন কাগজে মোড়া একটি প্যাকেট ঘরের সামনে ফেলে রাখা হয়েছে। সেটি খুলে দেখা যায়, ভিতরে রয়েছে চুরি যাওয়া নগদ অর্থের ২,৭৬০ টাকা এবং সোনার গহনার একটি অংশ।

    পরিবারের দাবি, পুলিশের কড়া পদক্ষেপ ও ধারাবাহিক তৎপরতার ফলেই চোর আতঙ্কিত হয়ে চুরি করা সামগ্রীর একাংশ ফেরত রেখে যায়। যদিও এখনও একটি সোনার হার ও দুটি সোনার আংটি উদ্ধার হয়নি। তবে বাকি গহনাও দ্রুত উদ্ধার করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেছে পুলিশ। আংশিক নগদ অর্থ ও গহনা ফিরে পেয়ে চায়না বিবি প্রশাসন ও পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।

    রঞ্জিত সরকার
  • Link to this news (News18 বাংলা)