সামনে টম্যাটো, আড়ালে কী? দুর্ঘটনা ঘটতেই ফাঁস হয়ে গেল ছক, আউশগ্রামে তাজ্জব পুলিশ
News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
উপরে ঝুড়িতে সাজানো কেজি কেজি টম্যাটো৷ কিন্তু তার নীচে লুকনো কয়লা৷ দুর্ঘটনার জেরে কয়লা পাচারের এমন অভিনব পন্থাই সামনে এল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ পুষ্পা সিনেমার কায়দায় কয়লা পাচারের এই ছক দেখে রীতিমতো তাজ্জব পুলিশ৷
বুধবার বর্ধমান-সিউড়ি ১১৪ নং জাতীয় সড়কের গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় সব্জি বোঝাই একটি পিক আপ ভ্যান৷ বর্ধমানের দিকে যাওয়ার সময় আউশগ্রামের গোবিন্দপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি পিকআপ ভ্যান। স্থানীয় বাসিন্দারাই ম্যাটাডোরে থাকা চালককে উদ্ধার করতে এগিয়ে যান৷ ঘটনাস্থলে যায় গুসকরা ফাঁড়ির পুলিশ। উদ্ধার করা হয় চালককে৷
এরপরই গাড়িতে কি আছে তা কৌতূহলবশত দেখতে গিয়ে তাঁরা দেখেন গাড়ির ডালার সামনের অংশে ঝুড়িতে টম্যাটো বোঝাই করা থাকলেও ভিতরের রয়েছে কয়লা। স্থানীয়দের অভিযোগ,কয়লা পাচার নিয়ে পুলিশ যেহেতু ধরপাকড় চালাচ্ছে তাই পুলিশের চোখে ফাঁকি দিতেই পাচারকারীরা একেবারে পুষ্পা সিনেমার কায়দায় সবজির আড়ালে কয়লা পাচার করছে।
পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে কয়লার উৎস কী, কোথা থেকে কোথায় এই কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ির চালককে৷
রাজ্যে পালাবদলের পর থেকেই কয়লা, বালি পাচার রুখতে কড়া নজরদারি শুরু করেছে রাজ্য সরকার৷ সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন৷ ফলে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের মতো যে জেলাগুলিতে কয়লা, বালি পাচারের প্রবণতা সবথেকে বেশি, সেখানেই এখন বিপাকে পড়েছে পাচারকারীরা৷ পাশাপাশি কয়লা, বালি খাদান থেকে রাজ্য সরকারের রাজস্ব আদায়ও একধাক্কায় কয়েকগুন বৃদ্ধি পেয়েছে৷