• একের পর এক কাণ্ড বীরভূমে! টাকার পর এবার কিলো কিলো বিস্ফোরক উদ্ধার, রাতে কী চলত ওই বাড়িতে?
    News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
  • খবরের শিরোনামে বীরভূম, একদিকে বীরভূমের মহম্মদবাজারে উদ্ধার কোটি কোটি টাকা অন্যদিকে কিলো কিলো বিস্ফোরক মিলল বীরভূমেই! বীরভূম জেলার নলহাটি থানা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মজুত ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে হানা দিয়ে বিস্ফোরক উদ্ধার করে নলহাটি থানার পুলিশ। এত পরিমান বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।

    উদ্ধার করা এবং বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে আনুমানিক প্রায় ৮০০ কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট! এছাড়াও ১২০০-র বেশি জিলেটিন স্টিকও মিলেছে ওই বাড়ি থেকে। পুলিশ সূত্রে খবর ওই বাড়িতে বেশ কিছুদিন থেকে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। বেশ কয়েকদিন ধরে পুলিশে নজর ছিল সেই বাড়ির দিকে।

    এছাড়াও এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায় রাতের গভীর অন্ধকারে বড় বড় বাক্স বাড়িতে নিয়ে আসার আওয়াজ পাওয়া যেত সেই থেকে সন্দেহ তৈরি হয়। পুরো ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তেরা সম্প্রতি ওই বাড়িটি ভাড়া নিয়ে বিস্ফোরক মজুত করছিলেন। অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক ছাড়াও ওই বাড়ি থেকে ১০৫টি ডিটোনেটর, ৩৬টি ডিটোনেটিং ফিউজ় কয়েল পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    আর এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্তমানে পুলিশ প্রশাসন। তবে কারা এই বিস্ফোরক মজুত করেছিল, কী উদ্দেশ্যে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলছে। অপরাধীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)