আড়াই বছর আগে তৈরি নতুন ভবন, তবুও মাঝমাঠে জলবন্দি অঙ্গনওয়াড়ি সেন্টার! কাটোয়ায় কেন এমন হাল?
News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
: কয়েকদিনের টানা বর্ষণে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের মুল্টিগ্রামের মাঝমাঠে অবস্থিত সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। কেন্দ্রের চারপাশে জল জমে থাকায় সেখানে পৌঁছন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। শিশুদের জন্য নির্মিত সরকারি পরিকাঠামোর এমন বেহাল দশা ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় আড়াই বছর আগে সরকারি অর্থে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ করা হলেও আজ পর্যন্ত সেখানে নিয়মিত পরিষেবা শুরু হয়নি। ভবনে যাওয়ার উপযুক্ত রাস্তার অভাব, পানীয় জলের ব্যবস্থা না থাকা এবং বিদ্যুৎ সংযোগ না হওয়ায় কেন্দ্রটি কার্যত ব্যবহারহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে শিশুদের শিক্ষা ও পুষ্টি পরিষেবা নিশ্চিত করার উদ্দেশ্যে নির্মিত সরকারি ভবনটি দীর্ঘদিন ধরেই অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ।
গ্রামবাসী অনিমা দাস বলেন, “বাচ্চাদের ওই সেন্টারে যাওয়ার কোনও রাস্তায় নেই। দীর্ঘদিনের এই সমস্যা। পড়াশোনা একদমই হয় না।” গ্রামবাসীদের আরও দাবি, গত প্রায় ২৪ বছর ধরে দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী নিজের বাড়ি থেকেই কেন্দ্র পরিচালনা করে আসছেন। তাঁদের অভিযোগ, নতুন ভবনে নিয়মিত পাঠদান না করে শুধুমাত্র খাবার বিতরণ করা হত। যদিও এই অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি ওই অঙ্গনওয়াড়ি কর্মী। গ্রামবাসী সজীব চৌধুরী বলেন, “ওই কেন্দ্রটা অতি শীঘ্রই চালু হোক আমরা এটাই চাইছি। দীর্ঘদিন ধরে একটানা এভাবে চলতে পারেনা।”
স্থানীয়দের আরও অভিযোগ দীর্ঘদিন ধরে সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অচল অবস্থায় পড়ে রয়েছে। শিশুদের যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা নেই, পানীয় জল ও বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়নি। এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু করে প্রয়োজনীয় রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা করা হোক, যাতে এলাকার শিশুরা নিরাপদ পরিবেশে শিক্ষা ও পুষ্টি পরিষেবা পেতে পারে। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।