নিজের স্বার্থে জেনে-বুঝে কৃষকদের সর্বনাশ, নিকাশি নালা দখল করে এ কেমন কারবার?
News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
ফ্রেজারগঞ্জে অবৈধ বাঁধ কেটে জল নিকাশী ব্যবস্থা সচল করছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন পর এই ছবি দেখা গিয়েছে। আগে কিছু হলে গ্রামবাসীরা এভাবেই নিজেরাই কোন কিছুর অপেক্ষা না করে নিজেরাই কাজে হাত লাগাতেন। টানা বৃষ্টিতে এমনিতেই জলমগ্ন এলাকা, আর তার মধ্যেই জল নিকাশির মূল রাস্তা আটকে রমরমিয়ে চলছিল মাছ চাষ।
লক্ষ্মীপুর গ্রামের কিছু অসাধু ব্যক্তির এই চরম স্বার্থপরতার জেরে জলের তলায় চলে যেতে বসেছিল ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর এবং অমরাবতী গ্রামের প্রায় ১০০ বিঘা চাষের জমি। অবশেষে নিজেদের ফসলের জমি বাঁচাতে সরাসরি ময়দানে নামলেন গ্রামবাসীরা। গ্রামের সকলে হাতে হাত মিলিয়ে অসাধু চক্রের তৈরি করা অবৈধ বাঁধ এবং জালের নেট কেটে নিকাশির রাস্তা খুলে দিলেন এলাকার ক্ষুব্ধ কৃষকরা। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির জেরে লক্ষ্মীপুর এলাকার কৃষিজমিগুলি কার্যত জলমগ্ন হয়ে রয়েছে।
গ্রামবাসীদের দাবি, গ্রামেরই কিছু অসাধু ব্যক্তি নিজেদের ব্যক্তিগত স্বার্থে জল বেরোনোর মূল নিকাশি খালের ওপর অবৈধভাবে বাঁধ দিয়ে এবং নেট ঘিরে মাছ চাষ শুরু করেছিল। জল যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের প্রায় ১০০ বিঘা ধানের জমি জলের তলায় ডুবে গিয়ে ফসল পচে যাওয়ার উপক্রম হয়। চাষের জমি বাঁচাতে নিজেরাই সংঘবদ্ধ হয়ে ওই অবৈধ বাঁধ কেটে দেন এবং নিকাশি খালে ঘিরে রাখা মাছ চাষের নেট পুরোপুরি তুলে ফেলে জল যাওয়ার রাস্তা করে দেন।