একটা সময় ছিল, যখন উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য ছিল একটি ডিগ্রি অর্জন। সেই ডিগ্রি হাতে নিয়েই চাকরির বাজারে প্রবেশ করতেন অধিকাংশ তরুণ-তরুণী। কিন্তু প্রযুক্তি নির্ভর একবিংশ শতাব্দীর বাস্তবতা সেই ধারণাকে আমূল বদলে দিয়েছে। আজকের কর্মসংস্থানের বাজারে শুধু ডিগ্রি নয়, প্রয়োজন দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নতুন প্রযুক্তির সঙ্গে দ্রুত নিজেকে মানিয়ে নেওয়ার সামর্থ্য।
এই পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষাপটেই প্রণীত হয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০ (National Education Policy – NEP)। স্বাধীনতার পর ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থায় এটিকে সবচেয়ে বড় সংস্কারগুলির একটি বলে মনে করা হয়। এই নীতির মূল দর্শন হল— শিক্ষাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে এনে দক্ষতা, গবেষণা, সৃজনশীলতা, উদ্ভাবন এবং কর্মমুখী শিক্ষার উপর জোর দেওয়া। আর সেই ভাবনার বাস্তব প্রতিফলন ঘটেছে চার বছরের স্নাতক পাঠক্রমে, বিশেষ করে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA) কোর্সে।
আজকের পৃথিবীতে প্রযুক্তি আর আলাদা কোনও বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি, প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), ডেটা সায়েন্স (Data Science), সাইবার সিকিউরিটি (Cyber Security), ক্লাউড কম্পিউটিং (Cloud Computing), ব্লকচেইন (Blockchain)কিংবা ইন্টারনেট অব থিংস (Internet of Things – IoT) — এসব আর ভবিষ্যতের বিষয় নয়, এগুলি বর্তমান বিশ্বের চালিকাশক্তি। ফলে প্রযুক্তি-দক্ষ মানবসম্পদের চাহিদাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
এই চাহিদা পূরণের লক্ষ্যেই চার বছরের BCA পাঠক্রমকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা শুধু কম্পিউটার প্রোগ্রামিং শেখে না, বরং বাস্তব জীবনের সমস্যা বিশ্লেষণ, প্রযুক্তি নির্ভর সমাধান তৈরি, গবেষণা, দলগতকাজ, যোগাযোগ দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতাও গড়ে তুলতে পারে।
নতুন পাঠক্রমে Artificial Intelligence, Machine Learning, Data Science, Cyber Security, Cloud Computing, Full Stack Development, Mobile Application Development, UI/UX Design, Python, Java এবং Web Technologies-এর মতো সময়োপযোগী ও আধুনিক বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে শিল্প-সংযুক্ত ইন্টার্নশিপ, লাইভ প্রজেক্ট, গবেষণার সুযোগ, সফট স্কিল ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি। এরফলে পড়াশোনা শুধু শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; শিক্ষার্থীরা বাস্তব কাজের পরিবেশ ও শিল্পজগতের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতের কর্মজীবনের জন্য নিজেদের আরও ভালভাবে প্রস্তুত করে তুলতে পারে।
জাতীয় শিক্ষানীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ হল Multiple Entry and Exit ব্যবস্থা এবং Academic Bank of Credits (ABC)। এরফলে কোনও শিক্ষার্থী ব্যক্তিগত, পারিবারিক বা আর্থিক সমস্যার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হলেও তাঁর এতদিনের অর্জিত শিক্ষা ও ক্রেডিট নষ্ট হয়ে যায় না। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সেই অর্জিত ক্রেডিট কাজে লাগিয়ে আবার পড়াশোনা শুরু করতে এবং উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেন। এই ব্যবস্থা শিক্ষার্থীদের নিজেদের পরিস্থিতি অনুযায়ী শিক্ষাজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে এবং ভারতীয় উচ্চশিক্ষাকে আরও নমনীয়, মানবিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তুলেছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, কলা বা বাণিজ্য— যে বিভাগ থেকেই পড়াশোনা করা হোক না কেন, BCA পড়ার সুযোগ রয়েছে। অর্থাৎ, উচ্চমাধ্যমিকে বিজ্ঞানভিত্তিক বিষয় না থাকলেও ভবিষ্যতে প্রযুক্তি ও কম্পিউটার শিক্ষার জগতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখা সম্ভব। BCA-এর পর MCA করে একজন শিক্ষার্থী সফটওয়্যার, আইটি, ডেটা, সাইবার সিকিউরিটি-সহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক ক্ষেত্রে উজ্জ্বল কেরিয়ার গড়ে তুলতে পারেন। বর্তমান চাকরির বাজারে BCA ও MCA ডিগ্রিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে একজন BCA/MCA শিক্ষার্থীও প্রযুক্তি ক্ষেত্রে ভাল কেরিয়ারের সুযোগ পেতে পারেন। B.Tech -এর মতোই সমান গুরুত্ব বহন করে।
শুধু চাকরি নয়, আত্মকর্মসংস্থান এবং স্টার্টআপ সংস্কৃতির ক্ষেত্রেও এই কোর্স বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে একটি নতুন সফটওয়্যার, মোবাইল অ্যাপ বা ডিজিটাল পরিষেবা তৈরি করে বিশ্ববাজারে পৌঁছে যাওয়া আগের যে কোনও সময়ের তুলনায় সহজ। তাই একজন BCA শিক্ষার্থী চাকরি প্রার্থী হওয়ার পাশাপাশি ভবিষ্যতের একজন প্রযুক্তি-উদ্যোক্তাও হয়ে উঠতে পারেন। এটি জাতীয় শিক্ষানীতির অন্যতম লক্ষ্য — ‘Job Seeker নয়, Job Creator তৈরি করা।’
চার বছরের BCA-র আরও একটি বড় সুবিধা হল গবেষণামুখী শিক্ষা। যারা ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা বা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান, তাঁদের জন্য এই অতিরিক্ত বছরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। গবেষণা প্রকল্প, উদ্ভাবনী কাজ এবং একাডেমিক প্রস্তুতি শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় আরও সক্ষম করে তোলে। ভারত আজ 'ডিজিটাল ইন্ডিয়া', 'স্টার্টআপ ইন্ডিয়া', 'স্কিল ইন্ডিয়া' এবং 'বিকশিত ভারত ২০৪৭'-এর মতো বড় স্বপ্নকে সামনে রেখে দ্রুত এগিয়ে চলেছে। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের প্রয়োজন এমন এক তরুণ প্রজন্ম, যারা প্রযুক্তির সঙ্গে পরিচিত, দক্ষ, সৃজনশীল এবং নতুন কিছু করার মানসিকতা রাখে। এই জায়গা থেকেই চার বছরের BCA কোর্সটি হয়ে উঠতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর মাধ্যম। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কোনA কোর্স নিজে সাফল্য এনে দেয় না, সাফল্য আসে শিক্ষার্থীর আগ্রহ, নিয়মিত অনুশীলন, দক্ষতা অর্জনের মানসিকতা এবং আজীবন শেখার ইচ্ছা থেকে। জাতীয় শিক্ষানীতি ২০২০ সেই সুযোগের দরজা খুলে দিয়েছে। এখন সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদেরই।
শেষ পর্যন্ত বলা যায়, BCA কেবল একটি স্নাতক ডিগ্রি নয়, এটি এমন এক শিক্ষা যাত্রা, যা একজন তরুণকে প্রযুক্তিবিদ, গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা এবং সর্বোপরি একজন দক্ষ বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। আগামী দিনের কর্মসংস্থান, প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগে এই কোর্স নিঃসন্দেহে একটি সুদূরপ্রসারী বিনিয়োগ।
BCA নিয়ে চটপট কিছু প্রশ্নোত্তর -
প্রশ্ন: BCA পড়লে কী চাকরি পাওয়া যায়?
উত্তর: Software Developer, Programmer, Web Developer, Database Administrator, System/Network Administrator এবং IT Support Specialist হিসেবে কাজের সুযোগ রয়েছে। চাইলে Tech Startup-ও শুরু করা যায়।
প্রশ্ন: BCA কি ভালো Career Option?
উত্তর: হ্যাঁ। IT ক্ষেত্রে দক্ষ Programmer, Developer ও IT Professional-এর চাহিদা রয়েছে। তবে শুধু ডিগ্রি নয়, Practical Skills-ও জরুরি।
প্রশ্ন: BCA-এরপর কীভাবে Career ভালো করা যায়?
উত্তর: Coding Practice, Projects, Internships এবং AI, Data Science, Cloud Computing-এর মতো নতুন Technology শেখার মাধ্যমে।
প্রশ্ন: BCA-এর পর Higher Studies করা যায়?
উত্তর: অবশ্যই। MCA, MBA in IT অথবা বিভিন্ন Professional Certification করা যায়।
প্রশ্ন: BCA আর B.Tech CSE-এর মধ্যে পার্থক্য কী?
উত্তর: BCA মূলত Applications, Programming ও Software-এর উপর গুরুত্ব দেয়। B.Tech CSE-তে Engineering ও Advanced Technical Concepts বেশি গুরুত্ব পায়।
প্রশ্ন: Mathematics ছাড়া BCA করা যায়?
উত্তর: অনেক প্রতিষ্ঠানে যায়। উদাহরণ – শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি যা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অন্তর্গত।
প্রশ্ন: BCA-এর জন্য কলেজ বাছাইয়ে কী দেখব?
উত্তর: Faculty, Infrastructure, Labs, Placement, Internship, Accreditation এবং Fees — সবকিছু বিবেচনা করুন। শুধু Ranking দেখে সিদ্ধান্ত নেবেন না।
প্রশ্ন: BCA করে সফল হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?
উত্তর: ডিগ্রির পাশাপাশি দক্ষতা। নিয়মিত শেখা, Coding, Project ও Practical Experience-ই Career Growth-এর মূল চাবিকাঠি।
রত্নাঙ্কুর মজুমদারবিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক,কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগশিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি
এবং
ভাস্কর চক্রবর্তীসহকারী অধ্যাপক, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগশিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি