• খড়গপুর আইআইটি-র কোয়ার্টারে অধ্যাপকের নিথর দেহ!
    আজকাল | ৩০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: খড়গপুর আইআইটি ক্যাম্পাসের একটি আবাসিক কোয়ার্টার থেকে এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি সামনে আসতেই ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে আসে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম (৩৬)। তিনি খড়গপুর আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর বাড়ি হায়দরাবাদে। কর্মসূত্রে তিনি আইআইটি ক্যাম্পাসের একটি আবাসিক কোয়ার্টারে বসবাস করতেন।

    বুধবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

    কোয়ার্টারের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে দ্রুত আইআইটি ক্যাম্পাসের বি. সি. রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    ঘটনার খবর পেয়ে পুলিশ কোয়ার্টারটি সিল করে দেয় এবং তদন্ত শুরু করে। মৃত অধ্যাপকের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

    প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়েও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পারিবারিক বা অন্য কোনও ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা ঘটেছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)