কবে মিলবে সরকারি কর্মীদের DA? জানিয়ে দিলেন শুভেন্দু!
আজকাল | ৩০ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল জমানায় সরকারি কর্মীদের প্রবল ক্ষোভ ছিল ডিএ নিয়ে। ক্ষমতায় এসেই শুভেন্দুর সরকার ডিএ নিয়ে বিরাট ঘোষণা করেছে। প্রশ্ন ঘুরছিল, কবে থেকে মিলবে এই ডিএ'র টাকা? বুধবার নবান্ন থেকে বড় ইঙ্গিত দিয়েই দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ'র যে পার্থক্য ছিল ৪২ শতাংশ, আমরা ২০ কুড়ি শতাংশ দিতে পেরেছি। অর্থনৈতিক অবস্থা রাজ্যের ভাল নয়। এই পার্থক্য আমরা পূরণ করব।'
এর পরেই বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। বলেন, 'আমরা অর্থমন্ত্রককে বলেছি, পুজোর মাসে, ছুটি পড়ার আগে, অক্টোবরের বেতনে যদি এটা যুক্ত করে দিয়ে দেওয়া যায়। তার প্রচেষ্টা আমরা নিয়েছি।'
রাজ্যের কর্মীরা, এতদিন কেন্দ্র সরকারের কর্মীদের থেক অনেক কম হারে ডিএ পেতেন। বিজেপি ক্ষমতায় আসার পর, প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বাড়ানোর কথা জানান।
দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী ডিএ প্রসঙ্গে জানিয়েছিলেন, 'রাজ্য সরকারি কর্মীদের জন্য চিন্তাভাবনা করছে সরকার। কাজ করছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি বকেয়া ডিএ-ও আমরা দিয়ে দেব।' পুজোর মাসেই সরকারি কর্মীরা ডিএ'র অর্থ পেয়ে যাবেন, তেমন ইঙ্গিত দিয়েছিলেন বুধবার নবান্ন থেকে ফের, একই কথা বললেন তিনি।
এই প্রসঙ্গে উল্লেখ্য, সরকারের ঘোষণানুসারে, ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হওয়া এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বেড়ে মূল বেতনের ৩৮ শতাংশে পৌঁছাবে। এর ফলে বহু কর্মচারীর মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে।