• ৮ ঘন্টা পর ইডি দপ্তর থেকে বেরলেন মদন
    আজকাল | ৩০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। জানান, ইডির জিজ্ঞাসাবাদে তিনি পুরোপুরি সহযোগিতা করেছেন। যা যা তথ্য চেয়েছে তিনি সবটাই দিয়েছেন। তাঁর সাফ কথা, "আমি মদন মিত্র এবং আমার পরিবার কেউই কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়।"

    বুধবার রাতে মদন বলেন, "ইডির জিজ্ঞাসাবাদে পুরোপুরি সহযোগিতা করেছি। যা যা তথ্য চেয়েছে আমি সবটাই দিয়েছি। আমি যা বলার এজেন্সিকে বলেছি। আমি মদন মিত্র এবং আমার পরিবার কেউই কোনরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যদিও তাঁরা আলাদা থাকে। আমার বিশ্বাস তারাও কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়।"

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার দুপুর ১১টা থেকে ১২টার মধ্যে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। দেখা যায়, দুপুর সওয়া দু'টো নাগাদ কামারহাটির বিধায়ক সিজিও কমপ্লেক্সে এসেছেন। কামারহাটি পৌরসভায় সুপারিশের মাধ্যমে নিয়োগের বিষয়ে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়।

    এই মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় গত ১৪ জুলাই মদন মিত্র, তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে ইডি নোটিশ পাঠায়। এরপরের দিনই তিনি শিবির বদলে 'ঋতব্রত-তৃণমূল'-এ চলে যান। ইডি-র তলবেই কি তাঁর শিবির বদল? এদিন সেই প্রশ্নের জবাবে পোড় কাওয়া বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, "কুনাল ঘোষ অথবা মমতা ব্যানার্জির বলা কথার উপর কোনরকম পাল্টা মন্তব্য করব না।"

     
  • Link to this news (আজকাল)