• রাজ্যে শীঘ্রই ৫০ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ, কবে? জানালেন মুখ্যমন্ত্রী
    আজ তক | ৩০ জুলাই ২০২৬
  • দৈনন্দিন খরচ চালানোর জন্য রাজ্যের সরকার বা সরকার পোষিত মিলিয়ে প্রায় ৮০ হাজার স্কুলকে ২৯৩ কোটি টাকা ‘কম্পোজিট গ্রান্ট’ দিল রাজ্য সরকার। এই কম্পোজিট স্কুল গ্রান্টের মাধ্যমে সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির বিভিন্ন পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ, ছোটখাটো মেরামতি এবং দৈনন্দিন প্রয়োজনীয় খাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে একযোগে এই অনুদান বিতরণ কর্মসূচির সূচনা হল আজ। এই উপলক্ষে নবান্নে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু জানিয়ে দেন এই বছরই রাজ্যে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। 

    প্রসঙ্গত, রাজ্য বাজেটে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন সেইকথা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক, প্রধান শিক্ষক থেকে শুরু করে লাইব্রেরিয়ান, সবখানেই শুধু নেই। আমরা রাজনৈতিক নিয়োগ বন্ধ করব। শিক্ষক-অধ্যাপক নিয়োগে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। সেইসঙ্গে চলতি অর্থবর্ষেই  ৫০ হাজার শিক্ষাকর্মী ধাপে ধাপে নিয়োগ করা হবে। 

    মুখ্যমন্ত্রী বলেন,'এই অর্থবর্ষে ধাপে ধাপে ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী, অধ্যাপক-অধ্যাপিকা অর্থাৎ শিক্ষাক্ষেত্রে নিয়োগ করতে পারব।' এদিন শুভেন্দু  মিড ডে মিল নিয়েও বড় ঘোষণা করেন। জানিয়ে দেন, ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন। আলাদা করে দেওয়া হবে ডিম। এসএইচজি গ্রুপের মাধ্যমে পড়ুয়াদের পাতে এই ডিম দেওয়া হবে বলে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।
  • Link to this news (আজ তক)