• চিকিৎসা করাতে এসে সাহায্যের নাম করে প্রতারণার বড় ছক! সতর্ক করলেন হাসপাতাল সুপার
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • রানাঘাট মহকুমা হাসপাতালে প্রতারক চক্রের সক্রিয়তা, সতর্কবার্তা হাসপাতাল কর্তৃপক্ষের। সম্প্রতি রানাঘাট মহকুমা হাসপাতালে এক প্রতারক চক্রের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হাসপাতালের আউটডোর ও তৎসংলগ্ন পরিষেবা এলাকায় চিকিৎসা করাতে আসা বয়স্ক মানুষ এবং সরল-সিধে মহিলাদের লক্ষ্য বানাচ্ছে এই দুষ্কৃতী দলটি।

    অভিযোগ উঠেছে, হাসপাতালে আসা এই সহজ-সরল মানুষদের সহযোগিতার প্রলোভন দেখিয়ে এবং নানা কথার ফাদে ফেলে বা ঘনিষ্ঠতা তৈরি করে তাঁদের কাছ থেকে সোনাদানা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাত বাগিয়ে চম্পট দিচ্ছে প্রতারকরা।

    এই বিষয়ে হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী জানান, সম্প্রতি তাঁরা এ সংক্রান্ত দুটি মৌখিক অভিযোগ পেয়েছেন। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখে সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দুষ্কৃতীদের শনাক্ত ও উপযুক্ত ব্যবস্থার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাগুলির তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের দ্রুত ধরে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

    হাসপাতালের সুপার সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলেন, “হাসপাতালে এসে তৃতীয় কোনও অজানা ব্যক্তির সহযোগিতা নেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন নেই। চিকিৎসা সংক্রান্ত সহায়তার জন্য হাসপাতালের ডাক্তারবাবু এবং নিযুক্ত কর্মীবৃন্দ সর্বদা উপস্থিত রয়েছেন।” তিনি আরও অনুরোধ করেন, অপরিচিত কারও প্ররোচনায় পা দিয়ে নিজেদের গয়নাগাটি বা মূল্যবান জিনিসপত্র হস্তান্তর করবেন না। নিজেদের জিনিসপত্র নিজেদের হেফাজতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

    পাশাপাশি রোগী ও সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করতে হাসপাতাল চত্বরে ও আউটডোর এলাকায় মাইকিং ব্যবস্থার মাধ্যমে নিরন্তর প্রচার ও সতর্কবার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ তৎপরতায় দ্রুত এই প্রতারক চক্রকে কাবু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)