• কচুরিপানার নিচে পচাগলা দেহ, প্রাতঃভ্রমণে বেরিয়ে নদীতে বৃদ্ধ! বসিরহাটে জোড়া রহস্যমৃত্যু
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • : বসিরহাট পুলিশ জেলায় দুই পৃথক ঘটনায় নদী থেকে উদ্ধার দুই দেহ, তদন্তে পুলিশ।  উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার দুই প্রান্তে নদী থেকে দু’টি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ঘটনায় হাড়োয়া থানার বিদ্যাধরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে, স্বরূপনগর থানার এলাকায় কয়েক ঘণ্টা নিখোঁজ থাকার পর ইছামতি নদী থেকে ৭৬ বছরের এক বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনাকেই ঘিরে এলাকায় শোকের পাশাপাশি নানা জল্পনাও শুরু হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থানার নজরনগর এলাকায় বিদ্যাধরী নদীর ধারে কচুরিপানার মধ্যে স্থানীয় বাসিন্দারা একটি পচাগলা দেহ ভাসতে দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, স্বরূপনগর থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা ৭৬ বছরের শান্তি গোপাল খাঁ আজ বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ইছামতি নদীতে জাল ফেলে তার দেহ উদ্ধার করেন। দ্রুত তাকে শাড়াফুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    পরে স্বরূপনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। বৃদ্ধের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একই দিনে বসিরহাট পুলিশ জেলার দুই পৃথক এলাকায় নদী থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে হাড়োয়ার ঘটনায় মৃতের পরিচয় এখনও অজানা থাকায় পুলিশ আশপাশের থানাগুলির সঙ্গেও যোগাযোগ রেখে তদন্ত চালাচ্ছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গেও উদ্ধার হওয়া দেহের মিল রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। দুই ঘটনাতেই প্রাথমিক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)