নিউটাউন রাম মন্দিরের সামনেই ঘটল এমন ঘটনা, শুয়ে থাকা ব্যক্তিকে ডাকতেই এ কি কাণ্ড
News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
অবশেষে জানা গেল রাজারহাটে কচুরির দোকান থেকে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয়, রাজারহাট-নিউ টাউন এলাকায় রাম মন্দিরের সামনে একটি অস্থায়ী কচুরির দোকানের ভিতর থেকে এদিন সকালে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু কিভাবে হল মৃত্যু! তা জানতেই তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে এসে কচুরির দোকানের মালিক দেখেন, দোকানের ভিতরে মাটিতে এক ব্যক্তি শুয়ে রয়েছেন। প্রথমে তাঁকে ডাকাডাকি করা হলেও কোনও সাড়া মেলেনি। এরপর আশপাশের মানুষজনকে খবর দেওয়া হয়। স্থানীয় টোটো স্ট্যান্ডের কয়েকজন এসে ওই ব্যক্তিকে পরীক্ষা করে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
আরও পড়়ুন: লোকসভায় ‘ইডিয়ট’ শব্দ ব্যবহারের অভিযোগ রাহুলের বিরুদ্ধে! ‘অসংসদীয়’ আক্রমণ রিজুজুর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি হাতিয়ারা হেলাবটতলা এলাকায়, নাম রতন ঘোষ। তাঁর কাছ থেকে একটি মোবাইল ও কাগজপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়াও মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। তবে সেই আঘাত কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের অনুমান, মৃত ওই ব্যক্তির বয়স ৫০ বছরের মত।পুলিশের প্রাথমিক অনুমান, কিছু খাওয়ার কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মাথার আঘাতের বিষয়টি সামনে আসায় অন্য কোনও কারণ বা অপরাধমূলক ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারী মত। ঘটনার জেরে রাম মন্দির সংলগ্ন এলাকায় সকালে ভিড় জমে যায়। ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পারিবারিক অশান্তির কারণেও এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন ওই ব্যক্তি বলে অনুমান।