• ডেডলাইন বেঁধে দিলেন মন্ত্রী! থমকে থাকা জল জীবন মিশনে ঝড় তুলল রাজ্য, স্বস্তিতে মালদহবাসী
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • : দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পানীয় জল সংগ্রহের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবার। মালদহে চালু হল জল জীবন মিশন প্রকল্পের কাজ। আগামী তিন মাসের মধ্যে জেলার ৭৯টি জল জীবন মিশন প্রকল্পের কাজ সম্পন্ন করে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা জানালেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। মঙ্গলবার মালদহ জেলা প্রশাসনিক ভবনে একটি পর্যালোচনা বৈঠকের পর আজ বুধবার মানিকচকের মথুরাপুরে জল জীবন মিশন প্রকল্পের আওতায় নির্মীয়মাণ আর্সেনিক মুক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন মন্ত্রী।

    তিনি জানান, জল জীবন মিশন প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকায় পাইপলাইন বসানো, বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ দ্রুত চালু হবে। মালদহ জেলায় জল জীবন মিশন প্রকল্পের জন্য প্রায় ৮০০ কোটি বরাদ্দ করা হলেও দীর্ঘদিন ধরে বহু প্রকল্পের কাজ আটকে ছিল। আগামী তিন মাসের মধ্যে সমস্ত আটকে থাকা কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

    এ প্রসঙ্গে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী বলেন, “এখনও বহু এলাকায় মানুষ রাস্তার ধারে কাটা পাইপলাইন থেকে পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। নতুন উদ্যোগের ফলে দীর্ঘদিনের এই সমস্যা দূর হবে। আগামী তিন মাসের মধ্যে জেলার অধিকাংশ আটকে থাকা প্রকল্পের কাজ শেষ করে সাধারণ মানুষের ঘরে ঘরে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।”

    প্রশাসনিক বৈঠকের পাশাপাশি প্রকল্পের সঙ্গে যুক্ত ঠিকাদারদের সঙ্গেও বৈঠক করেন প্রতিমন্ত্রী। কাজের অগ্রগতি, বিভিন্ন সমস্যা এবং বকেয়া বিলের বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি আশ্বাস দেন, নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করলে ঠিকাদারদের বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়া হবে। তিনি স্পষ্ট জানান, বাড়ি বাড়ি জল পৌঁছানো না গেলে সংশ্লিষ্ট প্রকল্পের জন্য কোনও অর্থ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
  • Link to this news (News18 বাংলা)